নেত্রকোনা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
শুক্রবার সকালে চিরাং ইউনিয়নের বাট্টা মধ্যপাড়া গ্রামে এ ঘটনার পর এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে দিয়েছে।
আটক আনোয়ার হোসেন (২০) বাট্টা মধ্যপাড়া গ্রামের মঞ্জুরুল হক মজনুর ছেলে।
মেয়েটিকে গুরুতর অবস্থায় প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর আশরাফ বলেন, সকাল ১১টার দিকে শিশুটিকে বিস্কুট দেওয়ার কথা বলে আনোয়ার তাদের ঘরে নিয়ে ধর্ষণ করে।
মেয়েটির চিৎকারে তার মা ও প্রতিবেশীরা এসে তাকে রক্তাক্ত উদ্ধার করে এবং আনোয়ার হোসেনকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে।
এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে আনোয়ার হোসেনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন।
কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরিদা ইয়াসমিন বলেন, মেয়েটির শরীরে ধর্ষণের আলামত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৭ ঘ.
bdnews24