ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধ ও রোড মার্চে গাড়িবহর নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাখান করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ প্রধানমন্ত্রীর এসব কথা বিশ্বাস করে না।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “রোড মার্চে জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিলো। আর টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে খালেদা জিয়া তিন বার ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন। এখন প্রধানমন্ত্রী যা বলছেন, তা সঠিক নয়।”
বৃহস্পতিবার রাজশাহী মাদ্রাসা মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত যখন টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় তখন বিএনপি ক্ষমতায় থাকলেও প্রতিবাদ জানায়নি।
বিরোধী দলীয় নেতার উদ্দেশে তিনি বলেন, “এখন পত্র লিখছেন। কিন্তু যখন ক্ষমতায় ছিলেন তখন টিপাইমুখের সমস্যা শুরু হয়, তখন প্রতিবাদ করেননি কেন?”
জবাবে মির্জা ফখরুল বলেন, “বিএনপি ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়া তিন বার ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে টিপাইমুখে বাঁধ নির্মাণে আপত্তির কথা জানিয়েছে। এখন প্রধানমন্ত্রী যা বলছেন, তা সঠিক নয়।”
বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য গত ২২ অক্টোবর কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে বিনিয়োগ চুক্তি করে মণিপুর রাজ্য সরকার। তবে বিষয়টি গণমাধ্যমে আসে গত সপ্তাহে।
চুক্তির খবর প্রকাশের পর বাংলাদেশে এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরিবেশ বিশেষজ্ঞরা আগে থেকেই বলে আসছেন, টিপাইমুখে বিদ্যুৎ প্রকল্প হলে বাংলাদেশের ওপর এর বিরূপ প্রভাব পড়বে।
এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাঁধ নির্মাণ করে ১৫০০ মেগাওয়াটের টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বরাক নদীর পানি প্রত্যাহার করা হবে না। ফলে এতে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না।
নয়া দিল্লির বক্তব্য পাওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অভিন্ন নদীর ওপর কিছু করতে হলে তা আগেই ভাটির দেশ হিসেবে বাংলাদেশের জানার অধিকার রয়েছে। নয়া দিল্লির এ ধরনের পদক্ষেপে ভুল বোঝাবুঝির অবকাশ থেকে যায়।
বাঁধ নির্মাণ নিয়ে সরকারের ভূমিকার প্রতিবাদ জানিয়ে সিলেটে ১ ডিসেম্বর হরতাল ডেকেছে জেলা বিএনপি।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোড মার্চে জনগণের ব্যাপক অংশগ্রহণ থেকে প্রমাণ হয়েছে যে, এ সরকারের প্রতি মানুষের আস্থা নেই।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণীর এ অনুষ্ঠান আয়োজন করে।
অ্যাব সভাপতি আনোয়ার উন নবী মজুমদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে সংগঠনের সদস্য সচিব হাসান জাফির তুহিন, সাংবাদিক আবদুল হাই শিকদার, শিল্পী সৈয়দ লুৎফুল হক, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রসঙ্গ রোড মার্চ
বিএনপির রোড মার্চে অংশ নেওয়া বিপুল সংখ্যক গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “প্রধানমন্ত্রী আগেও এরকম কথা বলেছেন। রোড মার্চের গাড়ির তালিকা করার নির্দেশ দিয়েছেন। যারা রোড মার্চে অংশ নিচ্ছেন- তারা নিজেদের গাড়ি নিয়ে স্বতস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গত ১০-১১ অক্টোবর সিলেট এবং ১৮-১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে বিএনপির রোড মার্চে দুই হাজারেরও বেশি গাড়ি অংশ নেওয়ার পর শেখ হাসিনা বলেছিলেন, এসব গাড়ির মালিকদের আয়ের উৎস খতিয়ে দেখা হবে।
শনিবার খুলনা অভিমুখে তৃতীয় রোড মার্চ শুরু করবেন খালেদা জিয়া। সকাল ১০টায় এই রোড মার্চ শুরু হবে উত্তরা থেকে। প্রথম দিন কুষ্টিয়া এবং দ্বিতীয় দিন খুলনায় দলের চেয়ারপারসন বক্তব্য দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/১৪৫৪ ঘ.
bdnews24