২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে দলীয় সভায় নাজেহাল দুলু-পটল-হাবিব

খালেদা জিয়ার রোড মার্চকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে বিএনপির সভায় গিয়ে দুই পক্ষের সংঘর্ষে নাজেহাল হয়েছেন দলের তিন কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান পটল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও হাবিবুর রহমান হাবিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 05:52 PM

Updated : 24 Aug 2022, 04:56 PM

পাবনা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার রোড মার্চকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে বিএনপির সভায় গিয়ে দুই পক্ষের সংঘর্ষে নাজেহাল হয়েছেন দলের তিন কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান পটল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও হাবিবুর রহমান হাবিব। বৃহস্পতিবার বিকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় সভায় কেন্দ্রীয় নেতাদের সামনেই দলের দুটি পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হয়েছে অর্ধশতাধিক। শনিবার রোড মার্চ করে খুলনা যাওয়ার পথে খালেদা জিয়া দাশুড়িয়ায় পথসভা করবেন। এর প্রস্তুতির জন্য এ সভা ডাকা হয়েছিলো, যাতে নাটোর থেকে ফজলুর ও দুলু যোগ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে বেশকটি বাস, ট্রাক ও অন্য যানবাহন, মঞ্চ ও ডজনখানেক দোকান ভাংচুর করা হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় দাশুড়িয়া রণক্ষেত্রে রূপ হয়। প্রায় ২ ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে ঈশ্বরদী-ঢাকা, ঈশ্বরদী-পাবনা, ঈশ্বরদী-কুষ্টিয়া, ঈশ্বরদী-রাজশাহীসহ কয়েকটি রুটের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষ শুরুর সঙ্গে সঙ্গে এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সভায় সভাপতি হিসেবে পাবনা জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আপত্তি জানান জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেয়র কামরুল হাসান মিন্টু। এর সঙ্গে সঙ্গে উপস্থিত কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। মারমারির শুরুর সময় কেন্দ্রীয় ও জেলা বিএনপি নেতারা মঞ্চেই ছিলেন। তখন পায়ে ইটের আঘাত পান সাবেক উপমন্ত্রী দুলু। চোট পান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর, কেন্দ্রীয় নেতা হাবিবসহ কমপক্ষে ৬০ জন। পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু সাংবাদিকদের বলেন, “কেএস মাহমুদ বিএনপির সভাপতি নন, কারণ পাবনা জেলা বিএনপির কমিটি এখনো অনুমোদনই হয়নি। তাই তাকে সভায় সভাপতি হিসেবে দলের নেতা কর্মীরা মেনে নিতে পারেনি বলেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।” তবে আহত নেতারা পরে এক বিবৃতিতে বলেন, খালেদা জিয়ার গণজোয়ারে ভয় পেয়ে সরকারদলীয় বাহিনী এই পথসভা বানচালের চেষ্টা করছে। ঈশ্বরদী থানার ওসি কাজী হানিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২৩৪৪ ঘ.