চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে দুই ভুয়া চিটিকৎসককে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন- অজিত বিহারী ও মোহাম্মদ ইদ্রিস।
অজিত বিহারীকে এক লাখ টাকা জরিমানা এবং এক লাখ টাকা জরিমানা দিতে না পারায় ইদ্রিসকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
তারা ভ্রাম্যমাণ আদলতকে স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের কোনো সনদ দেখাতে পারেননি।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আগ্রাবাদের চউক কর্ণফুলী মার্কেট ও পাঠানটুলী এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব-৭ এবং চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় যৌথভাবে অভিযান চালিয়ে এ জরিমানা করে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকিতুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ দুই জন বিভিন্ন পদবী ব্যবহার করে চিকিৎসক হিসেবে জনসাধারণের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করছিলেন।”
বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট অনুসারে এ ধরণের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ জানিয়ে তিনি বলেন, সে অনুসারে দুইজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
তিনি জানান, ইদ্রিস জরিমানার অর্থ পরিশোধ করতে না পারায় তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/১৮৪১ ঘ.
bdnews24