আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম দুই ধাপে ৩১ দশমিক ১৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে বিইআরসি। এ নিয়ে চলতি বছরেই তৃতীয় দফায় পাইকারি বিদ্যুতের দাম বাড়লো।
এই বর্ধিত দাম প্রথম দফায় ১ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় আগামী বছরের ১ ফেব্র“য়ারি থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার বিকালে কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন দাম বাড়ানোর ঘোষণা দেন। কমিশনের সদস্য মো. ইমদাদুল হক ও সেলিম মাহমুদ এতে উপস্থিত ছিলেন।
এদিকে, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বিদ্যুৎ বিতরণকারী সব সংস্থার গণশুনানি মঙ্গলবার শেষ হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান বিইআরসির চেয়ারম্যান।
প্রথম দফায় প্রতি ইউনিট বাল্ক বিদ্যুতের দাম ২ টাকা ৮০ পয়সা থেকে ১৬ দশমিক ৭৯ শতাংশ বাড়িয়ে ৩ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
দ্বিতীয় দফায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩ টাকা ২৭ পয়সা থেকে ১৪ দশমিক ৩৭ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩ টাকা ৭৪ পয়সা। তা ১ ফেব্র“য়ারি থেকে কার্যকর হবে।
সর্বশেষ গত ০১ অগাস্ট প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ টাকা ৬৩ পয়সা থেকে ছয় দশমিক ৬৬ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ টাকা ৮০ পয়সা।
গত ১৮ সেপ্টেম্বর বিদ্যুতের পাইকারি দাম গড়ে ১৫ শতাংশ হারে বাড়াতে বিইআরসির কাছে প্রস্তাব দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পরে গত ১৩ নভেম্বর বিইআরসি কার্যালয়ে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো নিয়ে গণশুনানি হয়।
বিইআরসি চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, “পিডিবির প্রস্তাব অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের বর্তমান মূল্যহার বৃদ্ধি ন্যায্য ও ন্যায়সঙ্গত। কারণ তরল জ্বালানির ব্যবহার বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয়ের তুলনায় সরবরাহ ব্যয় সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় পিডিবির আর্থিক অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। কমিশন এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।”
তবে এককালীন মূল্য বৃদ্ধিতে গ্রাহক পর্যায়ে যে চাপ সৃষ্টি হবে তা সহনীয় মাত্রায় রাখতে দুদফায় মূল্য বৃদ্ধি করা হচ্ছে বলে জানান তিনি।
ইউসুফ হোসেন বলেন, পাইকারি বিদ্যুতের মূল্য হার নির্ধারণে ২০১০-১১ অর্থবছরকে ভিত্তি ধরে ২০১১-১২ অর্থবছরে পিডিবির মোট রাজস্ব চাহিদা ধরা হয়েছে ১৭ হাজার ৯৩৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের ৫ হাজার কোটি টাকা আর্থিক সহায়তার (ঋণ অথবা ভর্তুকি) কথা বিবেচনা করা হয়েছে।
যদি সরকারের এই আর্থিক সহায়তা হিসেবে না নেওয়া হতো তবে বর্তমানে পাইকারি বিদ্যুতের দাম ৮৬ দশমিক ২৪ শতাংশ বাড়ানোর প্রয়োজন হতো বলে জানান তিনি।
এছাড়া দাম বাড়ানোর পাশাপাশি কমিশনের পক্ষ থেকে পিডিবিকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে- বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন ফান্ডে জমা অর্থ ছাড় ও ব্যয়ের জন্য একটি নির্দিষ্ট রেগুলেটরি গাইডলাইনস প্রণয়ন করে কমিশনের কাছে পাঠাবে, পিডিবি বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ ওভারহেড খাতে থোকভিত্তিতে ব্যয়ের পরিবর্তে প্রকৃত ওভারহেড নির্ণয়ের ব্যবস্থা নেবে।
এছাড়া পিডিবি দ্রুত পেট্রোবাংলার সঙ্গে আলোচনা করে গ্যাস-ক্ষেত্র থেকে স্থানীয়ভাবে গ্যাসের উপজাত হিসেবে আহরিত কন্ডেনসেট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করতে পাইলট জেনারেশন প্ল্যান্ট স্থাপন করবে এবং বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ সংস্থা/কোম্পানির অভিন্ন হিসাবরক্ষণ পদ্ধতি প্রচলনের পাশাপাশি কারিগরি মানদণ্ড সূচক নির্ণয় করে প্রতি মাসে কমিশনকে জানাবে।
একক ক্রেতা হিসেবে পিডিবি ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি), ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ইলেক্ট্রিসিটি পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (ইজিসিবি) ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনে।
এই বিদ্যুৎ পাইকারি গ্রাহক ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও আরইবির কাছে এবং নিজস্ব বিতরণ অঞ্চলে খুচরা গ্রাহকের কাছে বিইআরসির নির্ধারিত দামে বিক্রি করে পিডিবি।
পিডিবির প্রস্তাবে বলা হয়েছিলো, ২০০৯-১০ অর্থবছরে ইউনিট প্রতি বিদ্যুতের গড় সরবরাহ ব্যয় ছিলো দুই টাকা ৬২ পয়সা। ২০১০-১১ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় চার টাকা ১৫ পয়সা।
এছাড়া চলতি অর্থবছরে এ ব্যয় দাঁড়াবে ইউনিট প্রতি চার টাকা ৮৬ পয়সা। অথচ এর বিপরীতে বর্তমানে ইউনিট প্রতি গড় বিক্রয় দাম পাওয়া যাচ্ছে দুই টাকা ৮১ পয়সা অর্থাৎ ইউনিট প্রতি ঘাটতি থাকছে দুই টাকা পাঁচ পয়সা।
এই ঘাটতি পূরণে চলতি অর্থ বছরে পাইকারি বিদ্যুতের দাম ৭৬ দশমিক ০৭ শতাংশ বাড়ানো প্রয়োজন বলে পিডিবির প্রস্তাবে বলা হয়।
২০১০-১১ অর্থবছরে পিডিবির ঘাটতি ছিল ৪ হাজার ৫৮৫ কোটি ৯ লাখ ৮ হাজার টাকা।
নতুন দাম
প্রথম দফায় এ দাম বাড়ানোয় ১৩২ কেভি ও ৩৩ কেভি সঞ্চালন লাইনের জন্য প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ আরইবিকে যথাক্রমে তিন টাকা ৫৬ পয়সা ও দুই টাকা ৯১ পয়সায়, ওজোপাডিকোকে তিন টাকা ৫৬ পয়সা ও তিন টাকা ১৫ পয়সায়, ডেসকোকে তিন টাকা ৫৬ পয়সা ও তিন টাকা ৬০ পয়সায় এবং ডিপিডিসিকে তিন টাকা ৫৬ পয়সা ও তিন টাকা ৬০ পয়সায় কিনতে হবে।
এ ছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব বিতরণ অঞ্চলে তিন টাকা ৫৬ পয়সা এবং তিন টাকা ৪২ পয়সায় কিনতে হবে।
দ্বিতীয় দফায় এ দাম বাড়ানোয় ১৩২ কেভি ও ৩৩ কেভি সঞ্চালন লাইনের জন্য প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ আরইবিকে যথাক্রমে চার টাকা ২০ পয়সা ও তিন টাকা ১৭ পয়সায়, ওজোপাডিকোকে চার টাকা ২০ পয়সা ও তিন টাকা ৪৭ পয়সায়, ডেসকোকে চার টাকা ২০ পয়সা ও চার টাকা ২৪ পয়সায় এবং ডিপিডিসিকে চার টাকা ২০ পয়সা ও চার টাকা ২৪ পয়সায় কিনতে হবে।
এ ছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব বিতরণ অঞ্চলে চার টাকা ২০ পয়সা এবং তিন টাকা ৯৮ পয়সায় কিনতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২০০০ ঘ.
bdnews24