২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি দুর্নীতি: নিজামী-মুজাহিদের আবেদন নিষ্পত্তির নির্দেশ

বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলে জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদনের ওপর দেওয়া রুল আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নিষ্পতির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 10:22 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলে জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদনের ওপর দেওয়া রুল আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নিষ্পতির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। ২০০৮ সালের ২৬ ফেব্র“য়ারি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। অভিযোগপত্র দেওয়া হয় একই বছরের ৫ অক্টোবর। পরে মামলাটি বাতিলে হাইকোর্টে আবেদন করেন সাবেক জোট সরকারের মন্ত্রী নিজামী ও মুজাহিদ। ২০০৮ সালের ১২ নভেম্বর আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি বেঞ্চ এই মামলায় নিজামী-মুজাহিদকে জামিন দিয়ে মামলা কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। একইসঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে ২০০৯ সালের ১৮ জানুয়ারি আপিল বিভাগে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার ওই লিভ টু আপিলের নিষ্পত্তি করে ১৫ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টে রুলের শুনানি করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। দুই জামায়াত নেতার পক্ষে ছিলেন, ব্যরিস্টার আব্দুর রাজ্জাক। খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুলটি বর্তমানে বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চে শুনানির জন্য কার্য তালিকায় আছে।” এই মামলার প্রধান আসামি খালেদা জিয়ার অন্য একটি আবেদনও হাইকোর্টে বিচারাধীন রয়েছে বলে জানান তিনি। শাহবাগ থানায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬১২ ঘ.