চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে ট্রাক উল্টে ৪৪ স্কুলছাত্রের মৃত্যুর মামলায় বৃহস্পতিবার আরো সাত জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমীনের আদালতে এ সাক্ষ্য নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার অভিযোগপত্রে উল্লেখ করা দুই সাক্ষীসহ মোট সাত জনের সাক্ষ্য নেওয়া হয়।
তিনি বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষাপটে বিচারক সুরতহাল প্রতিবেদন তৈরির সময় উপস্থিত পাঁচ ব্যক্তির সাক্ষ্য নেওয়া হয়।
বিচারক আগামী ২৮ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।
ওই দিন দুর্ঘটনায় আহত-নিহতদের চিকিৎসা দেওয়া চিকিৎসকদের সাক্ষ্য নেওয়া হবে বলে জানান হাশেম।
এ মামলার মোট সাক্ষী ৩১ জন। গত মঙ্গলবার পর্যন্ত ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল।
গত ১১ জুলাই মিরসরাইয়ের বড়তাকিয়া-আবু তোরাব বাজার সংযোগ সড়কের সৈদালী নামক স্থানে স্কুলছাত্র ভর্তি ছোট একটি ট্রাক উল্টে পার্শ্ববর্তী ডোবায় পড়ে ৪৪ স্কুল শিক্ষার্থী মারা যায়।
এই ঘটনায় মায়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী বাদি হয়ে ট্রাকচালক মফিজ উদ্দিনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা করেন।
পুলিশ গত ২১ জুলাই বরিশাল থেকে ট্রাকের চালক মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০০১ ঘ.
bdnews24