২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ ১০ আইনজীবীর নাম দিতে হবে সাকাকে

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম স্থগিতের বিষয়ে শুনানি হবে আগামী ২৯ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 07:11 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম স্থগিতের বিষয়ে শুনানি হবে আগামী ২৯ নভেম্বর। ওইদিন আসামি পক্ষের ১০ জন আইনজীবীর নামও আদালতে জমা দিতে হবে। সাকা চৌধুরী নামে পরিচিত এই সাংসদকে বৃহস্পতিবার সকাল ১০টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। ১০টা ৪০ মিনিটে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। সালাউদ্দিনের মামলা স্থগিতের আবেদনে বলা হয়, সংবিধান লঙ্ঘন করে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এখানে কারো বিরুদ্ধে মামলা চলতে পারে না। তাছাড়া ট্রাইব্যুনাল নিজেও আইন মানছে না। প্রসিকিউশনের পক্ষে মামলার কার্যক্রম শুরু করার কথা বলা হলে সাকা চৌধুরী এর প্রতিবাদ জানিয়ে বলেন, তার আইনজীবীদের ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়া হয়নি। যদিও এতোদিন নিজেই নিজের মামলা পরিচালনা করে আসছিলেন তিনি। ট্রাইব্যুনালর প্রধান নিজামুল হক এ সময় বলেন, আদালত আসামি পক্ষের আইনজীবীদের জন্য অপেক্ষা করতে পারে না। এই পরিপ্রেক্ষিতে সাকা বলেন, “তাদের আটকে দেওয়া হয়েছে। পুলিশ তাদের ঢুকতে দিচ্ছে না।” আসামিপক্ষে উপস্থিত একমাত্র আইনজীবী ফখরুল ইসলামকে এ সময় সাকা চৌধুরীর দাবি অনুযায়ী বাইরে অপেক্ষমান তিন আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও জয়নুল আবদিনকে ডেকে আনতে বলা হয়। এ জন্য পাঁচ মিনিট সময় দেন বিচারপতি নিজামুল। তবে ফখরুল ইসলাম নির্ধারিত সময়ে না ফেরায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন আসামির পক্ষে ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করেন। পরে আগামী ২৯ নভেম্বর ওই আবেদনের ওপর শুনানির তারিখ রাখে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ৪ অক্টোবর সাকা চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয়। ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডিও ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। এরপর ১৪ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপনের আবেদন করা হয়। ২০১০ সালের ২৬ জুলাই সালাউদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। সাঈদী ও সাকা চৌধুরী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা যুদ্ধাপরাধের অভিযোগে আটক রয়েছেন। এছাড়া জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হলেও তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএল/জেকে/১৩০৬ ঘ.