রাজশাহী, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো রাজশাহী সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে স্থানীয় মাদ্রাসা মাঠে এক জনসভায় বক্তৃতা দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজশাহী সেজেছে বর্ণিল সাজে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।
শেখ হাসিনা সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে যান রাজশাহী সেনানিবাসে। সেখানে বার্ষিক কমান্ডারস সম্মেলন-২০১১, পুনর্মিলনী, ন্যাশনাল স্ট্যান্ডার্ড গিভিং এবং বাংলাদেশ পদাতিক রেজিমেন্টের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
পরে হযরত শাহ মাখদুম (র.)-এর মাজার জিয়ারত শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন শেখ হাসিনা। এ ছাড়া তিনি রাবি ক্যাম্পাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।
বিকালে মাদ্রাসা ময়দানে মহানগর আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
জনসভার আগে কাটাখালীতে নতুন স্থাপিত ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রেন্টাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন এবং অপর একটি ৫০ মেগাওয়াটের পিকিং বিদ্যুৎ কেন্দ্রেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পুরো রাজশাহীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ওবাইদউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর নিরাপত্তায় পুলিশ, র্যাব ও এপিবিএনের প্রায় ৩ হাজার সদস্য নিয়েজিত থাকবেন।”
এদিকে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার এই সফরকে ঘিরে রাজশাহীবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলা ও মহানগর আওয়ামী লীগ এরই মধ্যেআনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ১৪ দফা দাবি উত্থাপন করেছে। ক্ষমতার প্রায় তিন বছরের মাথায় এসব দাবি-দাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী কী ঘোষণা দিবেন- সেই অপেক্ষায় রাজশাহীর মানুষ।
উত্থাপিত দাবির মধ্যে রাজশাহী মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, রাজশাহীতে বরেন্দ্র কৃষি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রাজশাহীকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা, রেশম শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের পৃষ্ঠাপোষকতা, উত্তর রাজশাহী সেচ পকল্প বাস্তবায়ন, গঙ্গা ব্যারেজ নির্মাণ ও পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিং স্থাপন উল্লেখযোগ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১০২৭ ঘ.
bdnews24