২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চুক্তি বাস্তবায়নে দেরিতে পাহাড়ে সহিংসতা’

পার্বত্য চট্টগ্রাম কমিশনের কো-চেয়ারম্যান সুলতানা কামাল বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে দেরি হওয়ার কারণে পাহাড়ে অনভিপ্রেত সহিংস ঘটনা ঘটছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

খাগড়াছড়ি, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম কমিশনের কো-চেয়ারম্যান সুলতানা কামাল বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে দেরি হওয়ার কারণে পাহাড়ে অনভিপ্রেত সহিংস ঘটনা ঘটছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বার্ষিকীর এক সপ্তাহ আগে বুধবার সকালে ওই অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে খাগড়াছড়িতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের নির্বাহী প্রধান সুলতানা কামাল বলেন, চুক্তি বাস্তবায়নে দেরি হওয়ায় পাহাড়ি-বাঙালিদের মধ্যে অস্থিরতা, আশঙ্কা ও পরস্পরের মধ্যে আস্থার অভাব দেখা দিয়েছে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকারের সঙ্গে শান্তি চুক্তির পর অস্ত্র সমর্পণ করে সশস্ত্র সংগ্রামের পথ ছাড়ে পাহাড়িরা। তবে পাহাড়ি নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলে আসছেন, চুক্তি অনুযায়ী যা যা করার কথা ছিলো, তা হচ্ছে না। পার্বত্য চট্টগ্রাম কমিশনের সদস্যরা জেলা সদরের সাতভাইয়াপাড়া, শালবনসহ গত বছরের ফেব্র“য়ারিতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তারা বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ এবং পাহাড়ে বসতি গড়ে তোলা বাঙালিদের সঙ্গে কথা বলেন। তিন পার্বত্য জেলায় পাঁচ দিনের সফরে আসা কমিশন সদস্যরা মঙ্গলবার খাগড়াছড়ি পৌঁছান। কমিশন সদস্যরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনিস-উল-হক ভূইয়া ও অন্যান্য সংগঠনের নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন। কমিশন সদস্যরা বৃহস্পতিবার রাঙামাটির উদ্দেশ খাগড়াছড়ি ছাড়বেন। এরপর তারা বান্দরবান যাবেন। সুলতানা কামাল নেতৃত্বাধীন ছয় সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন এলসা স্টেমাটোপৌলৌ, ব্যারিস্টার সারা হোসেন, স্বপন আদনান, জেনেকা আরেন্স ও হানা সামস। পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখতে এবং ওই অঞ্চলের উন্নয়নের দিক নির্দেশনা দিতে আন্তর্জাতিক কয়েকটি সংস্থার পৃষ্ঠপোষকতায় এ কমিশন গঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২২৫০ ঘ.