গোপালগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাক্ষী আদালতে হাজির না হওয়ায় কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বোমা পুঁতে রাখার একটি মামলার সাক্ষ্য গ্রহণ আবারো পেছাল।
বুধবার গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ গোলাম মুর্শেদের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য ছিল।
আগামী ৪ জানুয়ারি এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে বলে মামলার আইনজীবী জানান।
অতিরিক্ত স্পেশাল পিপি সুভাষ চন্দ্র জয়ধর জানান, ২০০১ সালের ২২ জুলাই কোটালীপাড়া উপজেলা সদরে শেখ লুৎফর রহমান কলেজে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ও হেলিপ্যাডের পাশে দুইটি বোমা পুঁতে রাখা হয়।
ওই ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এগুলো হলো হত্যা চেষ্টা মামালা, বিস্ফোরক মামলা ও রাষ্ট্রদ্রোহ মামলা।
এরমধ্যে হত্যা চেষ্টা মামালা ও বিস্ফোরক মামলা গত বছর অগাস্টে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
আর রাষ্ট্রদ্রোহ মামলা গোপালগঞ্জের আদালতে বিচারাধীন রয়েছে।
বুধবার মামলার আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সি, মহিবুল¬াহ, তারেক হোসেন, রাশেদুজ্জামান ওরফে রাশেদ ড্রইভার, মো. ওয়াদুদ মোল্লা, বেলাল হোসেন, আলী আহম্মেদ, আমির খান, সাব্বির, কামারুজ্জামান ও মাহামুদ আজাহারকে ঢাকা কারাগর থেকে গোপালগঞ্জ আদালতে হাজির করা হয়।
এছাড়া মামলার জামিন পাওয়া আসামি আমিরুল ইসলাম মুন্সি, আনিসুল ইসলাম সাগর, মাওলানা রফিকুল ইসলামও আদালতে হাজির ছিলেন।
এ মামলার পলাতক আসামিরা হলেন সারোয়ার হোসেন মিয়া, আজিজুল হক, মো. লোকমান, মো. ইউসুফ, শেখ এনামুল হক ও মোসায়েফ হাসনাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২১ ঘ.
bdnews24