২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পিলখানায় পাল্টা প্রচারপত্রের সিদ্ধান্ত হয়েও বাতিল হয়’

বিডিআর বিদ্রোহের চারদিন আগে ডালভাত কর্মসূচি নিয়ে দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন দাবিতে প্রচারিত প্রচারপত্রের পাল্টা প্রচারপত্র প্রচারের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন রাইফেল সিকিউরিটি ইউনিট (আরএসইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের চারদিন আগে ডালভাত কর্মসূচি নিয়ে দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন দাবিতে প্রচারিত প্রচারপত্রের পাল্টা প্রচারপত্র প্রচারের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন রাইফেল সিকিউরিটি ইউনিট (আরএসইউ)। তবে পাল্টা প্রচারপত্র বিতরণের এই সিদ্ধান্ত পরে বাতিল করা হয়। পিলখানার হত্যা মামলার বিচার চলাকালে বুধবার মামলার সাক্ষী মেজর আরএমএম আসাদ-উদ-দৌলা তার জবানবন্দিতে এ কথা বলেন। তখন থেকে বর্তমান পর্যন্ত তিনি সিকিউরিটি ইউনিটে কর্মরত। বকশিবাজারে স্থাপিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতে এ মামলার বিচার কাজ চলছে। বিচারক জহুরুল হক এ মামলার বিচার কাজ পরিচালনা করছেন। আদালতের কার্যক্রম আগামী ৩০ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্র“য়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় জওয়ানদের বিদ্রোহে ৫৬ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭৩ জন নিহত হয়। এ বিদ্রোহের কদিন আগে অভিযোগ ও দাবির ওই প্রচারপত্র বিলি হয় সেখানে। বিদ্রোহের পর বাংলাদেশ রাইফেলসের নাম পাল্টে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়। বদলানো হয় বাংলাদেশের এ সীমান্ত রক্ষাবাহিনীর পোশাকও। বুধবার সকাল সাড়ে ৯টায় আদালত শুরু হয়ে মাঝে আধা ঘণ্টা বিরতিসহ বিকাল ৪টা পর্যন্ত চলে। স্বাক্ষী আসাদ-উদ-দৌলা তার জবানবন্দি উপস্থাপন করার পর আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা শুরু করেন। এক আইনজীবী সাক্ষীকে বলেন, ডালভাত নিয়ে দুর্নীতি নিয়ে সেনা কর্মকর্তারা দুই ভাগ হয়ে যাওয়ার কারণে পাল্টা প্রচরাপত্র বিতরণের সিদ্ধান্ত বাতিল করা হয়। এর জবাবে আসাদ-উদ-দৌলা ‘ঠিক নয়’ মন্তব্য করেন। আসাদ তার জবানবন্দিতে বলেন, বিদ্রোহ শুরুর চারদিন আগে (২১ ফেব্র“য়ারি) বিভিন্ন দাবিদাওয়া ও ডালভাত কর্মসূচি নিয়ে সেনা কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ সম্বলিত একটি প্রচারপত্র পাওয়া যায়। এরপরই আরএসইউ’র অধিনায়ক তাদের কয়েকজনকে জানান মহাপরিচালক পাল্টা প্রচারপত্র তৈরি করে বিভিন্ন জায়গায় লাগাতে বলেন- এ কথা জানিয়ে মেজর আসাদ বলেন, এজন্য সৈনিকদের বিভিন্ন উন্নয়নমূলক কথা উল্লেখ করে পাল্টা প্রচারপত্র নিয়ে তিনি কাজ করছিলেন। তিনি বলেন, পরে জানানো হয় পাল্টা প্রচারপত্রের দরকার নেই, মহাপরিচালক দরবার হলেই প্রচারিত প্রচারপত্র বিষয়ে কথা বলবেন। এই প্রচারপত্র সিপাহি মইন (যিনি প্রথম দরবার হলে মঞ্চে উঠে মহাপরিচালককে অস্ত্র ধরেছিলেন), সিপাহি সেলিম রেজা এবং ল্যান্স নায়েক একরাম প্রচার করছিলেন বলে উল্লেখ করেন আসাদ। জেরা চলাকালে একসময় আসামি পক্ষের আইনজীবী শামিম সরদার অভিযোগ করেন, সরকার পক্ষ জেরাসহ মামলা চালাতে বাধা দিচ্ছে। এতে আদালতের প্রতি অনাস্থা আনা ছাড়া বিকল্প নেই। এ সময় আদালতে বেশ কিছুক্ষণ হৈচৈ হয়। পরে বিচারকের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনজীবীদের এক প্রশ্নের জবাবে সাক্ষী জানান, ২১ ফেব্র“য়ারি প্রচারপত্র পাওয়ার পর দুইটি অস্ত্রাগারের নিরাপত্তার জন্য দুই সেনা কর্মকর্তাকে বাড়তি দায়িত্ব দেওয়া এবং দরবার হলসহ সার্বিক নিরাপত্তা বাড়ানো হয়। আপনার দায়িত্বে অবহেলার কারণে হত্যাকাণ্ড ঘটেছে- আইনজীবিরা এ প্রশ্ন করলে আসাদ জবাবে বলেন, “ঠিক নয়।” আইনজীবীরা তাকে প্রশ্ন করেন, ডালভাত কর্মসূচির প্রায় আটশ কোটি টাকাসহ এক সেনা কর্মকর্তা বিমানবন্দরে ধরা পড়ে- এমন খবর সেসময় প্রচারিত হয়েছিল বলে জানেন কি না। এর জবাবে আসাদ-উদ-দৌলা বলেন, “আটশ কোটি টাকা নয়, ছয়শ কোটি টাকা। তবে এই খবরটি ছিল গুজব।” সাক্ষী তার জবানবন্দিতে বলেন, “[২০০৯ সালের] ২৫ ফেব্র“য়ারি দরবার শুরুর পর মহাপরিচালক মেজর জেরারেল শাকিল আহমেদ ডালভাত কর্মসূচি নিয়ে বক্তব্য দেওয়ার সময় সৈনিক মইন মঞ্চে উঠলে হৈচৈ শুরু হয়। এসময় গুলির শব্দ শোনা যায়। পরে আমি উত্তর দিকে ডেইরী ফার্মের বাউণ্ডারি দেয়াল পার হয়ে পিলখানার বাইরে চলে আসি।” আসাদ বলেন, পরে সাদা পোশাক পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে যোগাযোগ করে একটি রেষ্টুরেন্টে বসে মনিটর করেন তিনি। গত ২৪ অগাস্ট এ মামলার সাক্ষ্য ও জেরা গ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষ্য দেন মামলার বাদী লালবাগ থানার সাবেক ওসি নবজ্যোতি খিসা। দ্বিতীয় সাক্ষ্য দেন নিউমার্কেট থানার সাবেক ওসি কামাল উদ্দিন। তৃতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সিগন্যাল সেক্টরের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু তাসনিম। চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন কর্ণেল শামস। পাঁচ নম্বর সাক্ষী ছিলেন লেফটেন্যান্ট কর্ণেল আবদুল মুকিম সরকার। ছয় নম্বর সাক্ষী আসাদ-উদ-দৌলাকে আগামী ধার্য তারিখে আসামি পক্ষের আইনজীবী আবার জেরা করবেন। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯৩৮ ঘ.