নাটোর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলায় বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেনসহ ১৫ আসামির জামিন নামঞ্জুর করেছে আদালত।
জামিন আবেদনের শুনানি শেষে জেলা দায়রা জজ জাহিদুল ইসলাম বুধবার এই আদেশ দেন।
এই ১৫ আসামি হলেন- কে এম জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, রাপ্পু, বাদশা, আশরাফুল, লুৎফর, রেজাউল, হাসেম মৃধা, গৌতম, মালেক, হাবিব, বাবলু ও বাবু মোল্লা।
তাদের পক্ষে দুটি আবেদনে আইনজীবী সাজেদুর রহমান খান ও আরিফুর রহমান বলেন, আসামিরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তারা হাইকোর্ট থেকে জামিনও পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে নিু আদালত তাদের হাজতে নিয়েছেন। সুতরাং তাদের আবারো জামিন দেওয়া যেতে পারে।
অন্যদিকে বাদীপক্ষে আসামিদের জামিন আবেদনের বিরোধিতা করেন পিপি সিরাজুল ইসলাম।
শুনানি শেষে আদালত আসামিদের জামিনের আবেদন না মঞ্জুর করে বলেন, যেহেতু তাদের জামিনের প্রক্রিয়া হাইকোর্টে চলমান, তাই তাদের জামিনের বিষয় বিবেচনা করার সুযোগ নেই।
পিপি সিরাজুল ইসলাম জানান, দায়রা জজ নি¤œ আদালত থেকে নথি তলব করেছেন। নথি এলে ডিসেম্বরে পূর্ণাঙ্গ শুনানি হবে।
গত বছর ৮ অক্টোবর বনপাড়া বাজারে সানাউল্লাহ নূরকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় তার স্ত্রী মহুয়া নূর বাদী হয়ে কে এম জাকির হোসেনসহ ২৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় আসামিরা হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে অস্থায়ী জামিন পান।
জামিনের মেয়াদ শেষে গত ২০ নভেম্বর আসামিরা সময়ের আবেদন করে বড়াইগ্রাম আমলী আদালতে হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠায়।
তাদের মধ্যে ১৫ জনের আইনজীবী বুধবার দায়রা জজ আদালতে গিয়ে ওই আদেশ বাতিল এবং জামিনের আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৮২৭ ঘ.
bdnews24