২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার সব রুটে বাস চলাচল বন্ধ

দুর্ঘটনায় নিহতের জেরে সাতক্ষীরা-আশাশুনি সড়কে তিনদিন বাস চলাচল করতে না দেওয়ার প্রতিবাদে শ্রমিকরা নিজেরাই এবার যান চলাচল বন্ধ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 05:14 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

সাতক্ষীরা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় নিহতের জেরে সাতক্ষীরা-আশাশুনি সড়কে তিনদিন বাস চলাচল করতে না দেওয়ার প্রতিবাদে শ্রমিকরা নিজেরাই এবার যান চলাচল বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার দুপুর ১টা থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে শ্রমিকরা জানিয়েছে। এ সময় বাস-মিনিবাস শ্রমিকরা শহরে ভ্যান, নসিমন ও ইজিবাইকসহ অন্তত ২০টি যানবাহন ভাংচুর করেছে। সাতক্ষীরা জেলা বাস-মিনি বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি জানান, গত ১৯ নভেম্বর বিকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কের চিনেডাঙ্গা মোড়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ভ্যান রাস্তার পাশে পড়ে একজন নিহত হয়। ঘটনার পরপরই উত্তেজিত জনতা গাড়িটি ভাংচুর করে বাস চলাচল বন্ধ করে দেয়। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ওইদিন সন্ধ্যাল আবার বাস চলাচল শুরু হয়। কিন্তু পরে এলাকাবাসী ওই সড়কে আবারো বাস চলাচল বন্ধ করে দেয়। তিনি বলেন, “এ ব্যাপারে পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় মঙ্গলবার দুপুর থেকে জেলার সব রুটে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।” সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু জানান, বিকাল ৪টার দিকে টার্মিনালে শ্রমিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মর্তারা আলোচনায় বসলেও গাড়ি ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি। সাতক্ষীরার পুলিশ সুপার হাবিবুর রহমান খান জানান, বাস মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে। যেকোনো সময় গাড়ি চলাচল স্বাভাবিক হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/