জয়পুরহাট, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে সড়কে দুইবার গণডাকাতি হয়েছে।
সোমবার রাতে আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী ব্রিজ এলাকায় রাস্তায় রশি টানা দিয়ে মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্রাক আটকে লটপাট চালায় দুর্বৃত্তরা।
এ সময় তারা বিভিন্ন যানবাহনের চালক ও আরোহীদের মারধরও করে।
এর আগে গত রোববার রাতে আক্কেলপুর-জয়পুরহাট সড়কেও গাছ ফেলে ডাকাতি করে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে থানার উপ-পরিদর্শক মো. মাহফুজ বলেন, সোমবার রাত ১০টা থেকে ১২টা সময়ের মধ্যে ভিকনী ব্রিজ এলাকায় হাফ প্যান্ট ও মুখোশ পরা ১০/১২ জন ডাকাত রাস্তায় রশি বেঁধে মোটরসাইকেল আরোহী, মাইক্রোবাস ও ট্রাক চালককের কাছ থেকে মোবাইল ফোন সেট ও নগদ অর্থসহ প্রায় একলাখ টাকার মালামাল লুট করে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায় বলে জানান তিনি।
ডাকাতের কবলে পড়া আক্কেলপুর মহিলা কলেজের গ্রন্থাগারিক উৎপল চৌধুরী জানান, দাওয়াত শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।
রোববার রাত ১০টার দিকে আক্কেলপুর-জয়পুরহাট সড়কে কেচের মোড়ে হাফ প্যান্ট ও মুখোশ পরা ডাকাতরা রাস্তায় গাছ ফেলে ঢাকাগামী শ্যামলী পরিবহন ও মোটরসাইকেল যাত্রীদের মারধর করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২২ ঘ.
bdnews24