২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুড়ার শ্রীপুরে আধবেলা হরতাল বুধবার

ভোট পুনর্গণনায় নির্বাচিত চেয়ারম্যান পরাজিত হওয়ায় শ্রীপুর উপজেলা সদরে বুধবার অর্ধ দিবস হরতাল ডেকেছে তার সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 05:38 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

মাগুরা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোট পুনর্গণনায় নির্বাচিত চেয়ারম্যান পরাজিত হওয়ায় শ্রীপুর উপজেলা সদরে বুধবার অর্ধ দিবস হরতাল ডেকেছে তার সমর্থকরা। মঙ্গলবার পুনর্গণনায় শ্রীপুর উপজেলা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মশিয়ার রহমানকে পরাজিত দেখানো হয়। গত ৯ জুন অনুষ্ঠিত এ ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মশিয়ার রহমান বিজয়ী হন। তার এ বিজয়কে চ্যালেঞ্জ করে নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক পান্নু জেলা নির্বাচন ট্রইব্যুনালে ভোট পুনঃগণনার আবেদন করেন। মঙ্গলবার ভোট পুনঃগণনার পর আগের পরাজিত প্রার্থী এনামুল হক পান্নুকে ৬৬৬ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। জেলা সদর থেকে এই ফল সন্ধ্যার পরপরই শ্রীপুর উপজেলায় পৌঁছলে বর্তমান চেয়ারম্যান মশিউর রহমানের সমর্থকরা রাত ৯টার দিকে মিছিল করে আধাবেলা হরতালের ঘোষণা দেয়। গত ৯ জুনের নির্বাচনের পর ঘোষিত ফলাফলে মশিউর রহমান পান ৪ হাজার ৭০২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দী এনামুল হক পান্নু পান ৪ হাজার ২শ’ তেত্রিশ ভোট। পুনঃগণনায় এনামুল হক পান্নু পেয়েছেন ৪ হাজার ১৯৪ ভোট, মশিউর রহমান পেয়েছেন ৩ হাজার ৫২৮ ভোট। এ ব্যাপারে মশিউর রহমান বলেন, “পুনঃগণনার নামে জালিয়াতির কারণে আমার সমর্থকরা এই প্রতিবাদ কর্মসূচি ও হরতাল আহবান করেছে।” তিনি এ বিষয়ে উচ্চ আদালতে যাবেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৬ ঘ.