নরসিংদী, নভেম্বর২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে শটগান, গুলি, সোনা ও টাকাসহ মূল্যবান মালামাল লুট করেছে ডাকাতরা।
সোমবার গভীর রাতে মুন্সেফেরচরে (ইটাখোলা) আবু ছাইদ খন্দকারের বাড়িতে এই ডাকাতি হয়।
শিবপুর মডেল থানার ওসি মকবুল হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতদের ধরার চেষ্টা চালানো হচ্ছে।
ডাকাতরা আবু ছাইদের লাইসেন্স করা শটগান, ২৬ রাউন্ড গুলি, ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও এক লাখ ৬৫ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে।
আবু ছাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০/২৫ জনের সশস্ত্র ডাকাত দল কলাপসিভল গেইটের তালা কেটে বাড়িতে ঢোকে। তারা আইনের লোক পরিচয় দিয়ে নিচ ও দোতলায় অবস্থান নেয়।
পরে দরজা ভেঙ্গে বিভিন্ন ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে লুটপাট চালায়।
আশপাশের লোক জন চিৎকার শুরু করলে হাইওয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে আসে বলে জানান ছাইদ।
এ ব্যাপারে শিবপুর মডেল থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২১৪২ ঘ.
bdnews24