চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মোহরা ও বন্দরটিলা এলাকায় অভিযানে চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী আদালত পরিচালনা করেন।
অভিযানে অংশ নেওয়া চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. কাজী মো. আশিক আমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুই ব্যক্তি চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ জন্য তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তারা হলেন- মোহরা কামাল বাজার এলাকার জামাল উদ্দিন চৌধুরী ও বন্দরটিলা এলাকার নেছার উদ্দিন।
ডা. আশিক আমান জানান, ‘রয়েল ডায়াগনস্টিক সেন্টারে’ জালাল উদ্দিন কয়েক বছর ধরে দন্ত সার্জন ‘সিডিএস (ঢাকা)’ পরিচয় দিয়ে চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসা বিষয়ে তার কোনো ডিগ্রি নেই।
অন্যদিকে বন্দরটিলা এলাকায় নেছার উদ্দিন নামের পাশে এমবিবিএস লিখে রাখলেও এর কোন প্রমাণ দিতে পারেননি।
অভিযানে ওই দুই ভুয়া চিকিৎসকের চেম্বার থেকে চিকিৎসা সরঞ্জামও জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত কামাল বাজার এলাকায় আরেক জন এলএমএফ চিকিৎসক আর কে চৌধুরীর চেম্বারেও অভিযান চালায়। তবে সেখানে তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২০৪৩ ঘ.
bdnews24