২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাপনী পরীক্ষায় এবার শিক্ষার্থী ২৬ লাখ ৩৭ হাজার

গণিত বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশে ছয় হাজার ১৬৮টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণিত বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশে ছয় হাজার ১৬৮টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে বুধবার। এবার এ পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ১১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্র এবং প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন সূত্রাপুরের শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় কেন্দ্রে সমাপনী পরীক্ষা পরিদর্শন করেন। ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত দিনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। চলতি বছর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল গ্রেড পদ্ধতিতে প্রকাশ করা হবে বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন মন্ত্রী আফছারুল আমীন। ২০০৯ সাল থেকে দেশে প্রাথমিকে এবং ২০১০ সাল থেকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হচ্ছে। গত বছর এ পরীক্ষায় মোট ২৪ লাখ ৮৮ হাজার ৩৫৯ জন অংশ নিয়েছিলো। চলতি বছরের পরীক্ষার্থীদের মধ্যে চার হাজার তিন জন শারীরিক প্রতিবন্ধী এবং রিচিং আউট অব চিলড্রেন (রস্ক) প্রকল্পের আওতায় ঝরে পড়া ৪৫ হাজার ৬৬৫ শিক্ষার্থী রয়েছে। আফছারুল আমীন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দেবে ২৩ লাখ ১৬ হাজার ২২৩ জন শিক্ষার্থী। আর ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে তিন লাখ ২১ হাজার ১২ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। ইংরেজি মাধ্যমে এবার পরীক্ষার্থীর সংখ্যা চার হাজার ৯২০ জন। সারাদেশে ছয় হাজার ১৬৮টি কেন্দ্রে এ পরীক্ষা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। দেশের বাইরে এবার সৌদী আরবের রিয়াদ ও জেদ্দা, কাতারের দোহা, সংযুক্ত আবর আমিরাতের আবুধাবি ও রাসআলখাইমাহ, লিবিয়ার ত্রিপলী, বাহরাইন এবং অস্ট্রেলিয়ার ক্যানবেরা কেন্দ্রে পরীক্ষা হবে। এসব কেন্দ্র ৬৩২ জন পরীক্ষা দেবে বলে আফছারুল জানান। এ বছর টেলেন্টপুল বৃত্তির সংখ্যা ২০ হাজার থেকে বাড়িয়ে ২২ হাজার এবং সাধারণ বৃত্তির সংখ্যা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৩৩ হাজার করা হয়েছে বলেও জানান মন্ত্রী। প্রাথমিক সমাপনী পরীক্ষার সময়সূচি ২৪ নভেম্বর বাংলা, ২৭ নভেম্বর ইংরেজি, ২৮ নভেম্বর পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৯ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ এবং ৩০ নভেম্বর ধর্ম। ইবতেদায়ী সমাপনী পরীক্ষার সময়সূচি ২৪ নভেম্বর বাংলা, ২৭ নভেম্বর ইংরেজি, ২৮ নভেম্বর পরিবেশ পরিচিতি বিজ্ঞান/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৯ নভেম্বর আরবি এবং ৩০ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১১১৫ ঘ.