চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে ট্রাক উল্টে ৪৪ স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় করা মামলায় চতুর্থ দিনে আরো পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদা ইয়াসমীনের আদালতে দুর্ঘটনা কবলিত ট্রাকে থাকা দুই ছাত্রসহ পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়।
এ নিয়ে চারদিনে মোট ২৯ জনের সাক্ষ্য নেওয়া হলো।
বাকি দুজনের সাক্ষ্য আগামী বৃহস্পতিবার নেওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম।
মঙ্গলবার আদালতে সাক্ষ্য দেন আবু তোরাব বহুমুখী বিদ্যালয়ের নবম শ্রেণীর দুই ছাত্র মিঠু চন্দ্র নাথ ও সোহরাব হোসেন। এ দুই জন দুর্ঘটনা কবলিত ট্রাকটিতে ছিলেন।
এ ছাড়া মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান ও ট্রাকের আরেক যাত্রী ইব্রাহিম সাক্ষ্য দেন।
ওসি ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাবিবুল্লাহ সাগর নামের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর আজ সাক্ষ্য দেওয়ার কথা ছিলো। তবে ভয় পাওয়ায় তাকে আদালতে আনা হয়নি।
এদিকে ওই দুর্ঘটনার সুরতহাল প্রতিবেদনে স্বাক্ষর করা আরো ২০ জনকে এ মামলায় সাক্ষী করা হবে বলে জানিয়েছেন আইনজীবী আবুল হাশেম।
গত ১১ জুলাই মিরসরাইয়ের বড়তাকিয়া-আবু তোরাব বাজার সংযোগ সড়কের সৈদালী নামক স্থানে একটি ছোট ট্রাক উল্টে ডোবায় পড়ে ৪৪ স্কুল শিক্ষার্থী মারা যায়।
এই ঘটনায় মায়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী বাদি হয়ে ট্রাক চালক মফিজ উদ্দিনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা করেন।
ঘটনার ১০দিন পর পুলিশ গত ২১ জুলাই বরিশাল থেকে ট্রাকের চালক মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০১১ ঘ.
bdnews24