নয়া দিল্লি, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে বাঁধ নির্মাণের জন্য চুক্তির প্রেক্ষাপটে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া হওয়ায় ভারত সরকার আবারো বলেছে, এই বাঁধে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ১৫০০ মেগাওয়াটের টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পে পানি প্রত্যাহার করা হবে না এবং এতে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না।
বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে- এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলে যে নিশ্চয়তা দেওয়া হয়েছিলো তার ওপর ভরসা রাখতেও বলেছে নয়া দিল্লি।
যৌথ উদ্যোগে টিপাইমুখ প্রকল্প বাস্তবায়নে ভারতের রাষ্ট্রায়ত্ত এনএইচপিসি লিমিটেড, সাতলুজ জলবিদ্যুৎ নিগম লিমিটেডের সঙ্গে মণিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তি হওয়ার পর বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি হওয়ায় এ আশ্বাস দিলো নয়া দিল্লি।
বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য গত ২২ অক্টোবর কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে বিনিয়োগ চুক্তি করে মণিপুর রাজ্য সরকার। গত শুক্রবার বিষয়টি গণমাধ্যমে আসে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “এ প্রকল্প নিয়ে সা¤প্রতিক অগ্রগতি হচ্ছে শুধু একটি যৌথ মালিকানার কোম্পানি (জেভিসি) গঠনে মণিপুর রাজ্য সরকার, এনএইচপিসি লিমিটেড ও সাতলুজ জলবিদ্যুৎ নিগম লিমিটেডের (এসজেভিএন) মধ্যে ২২ অক্টোবর একটি চুক্তি হয়েছে। ‘টিপাইমুখ হাইড্রোইলেকট্রিক কর্পোরেশন লিমিটেড’র নামে বা এর ধরনের বা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর অনুমোদিত অন্য কোনো নামে এ যৌথ মালিকানার কোম্পানি প্রতিষ্ঠিত হবে।”
গত বছর ২৭ মে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এনএইচপিসি লিমিটেড ২০১০ সালের ২৮ এপ্রিল এসজেভিএন লিমিটেড ও মণিপুর রাজ্য সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে।
সেখানে বলা হয়, যৌথ মালিকানা কোম্পানিতে এনএইচপিসি লিমিটেডের ৬৯ শতাংশ, মণিপুর রাজ্য সরকারের পাঁচ শতাংশ এবং এসজেভিএন লিমিটেডের ২৬ শতাংশ মালিকানা থাকবে।
গত বছরের ওই চুক্তির ধারাবাহিকতায় যৌথ অংশীদারিত্বের কোম্পানি কার্যকর করতে গতমাসে এনএইচপিসি লিমিটেড, এসজেভিএন ও মণিপুর রাজ্য সরকারের মধ্যে একটি চুক্তি সই হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও মুখপাত্র বিষ্ণু প্রকাশ মঙ্গলবারের বিবৃতিটি দেন।
২০০৯ সালের জুলাইয়ে বাংলাদেশের ১০ সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সংসদীয় প্রতিনিধি দলের ভারত সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, “ওই প্রতিনিধি দলকে এ বিষয়টি স্পষ্ট করা হয়েছিলো যে, প্রস্তাবিত এ প্রকল্পটি হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্প, যা বন্যা নিয়ন্ত্রণে কাজ করবে এবং জলসেচের উদ্দেশ্যে এখানে পানি প্রত্যাহার করা হবে না।”
ভারত সরকারের আমন্ত্রণে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ২০০৯ সালে ওই প্রতিনিধি দল ভারত সফর করে।
বিবৃতিতে বলা হয়, “২০১০ সালে শেখ হাসিনার ভারত সফরের সময় মনমোহন সিং তাকে আশ্বস্ত করেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো পদক্ষেপ ভারত সরকার নেবে না। গত সেপ্টেম্বরে মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়ও তিনি একই আশ্বাস দিয়েছেন।”
গত ২৮ অগাস্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়, বিতর্কিত টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন চেয়ে এ বছর ৩১ মে ভারতের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের (এমওইএফ) কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে মণিপুর রাজ্য সরকার।
মণিপুরের চুরাচাঁদপুর জেলায় বরাক নদীর ওপর টিপাইমুখ প্রকল্প নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন হলেও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যের কথাও বলা হচ্ছে। এ প্রকল্প থেকে বছরে ৩৮০ কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। ভারত সরকারের অর্থনীতি বিষয়ক মন্ত্রিপরিষদ কমিটির ছাড়পত্র পাওয়ার সাড়ে সাত বছরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে।
শুক্রবার এ চুক্তির খবর প্রকাশের পর বাংলাদেশে এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরিবেশ বিশেষজ্ঞরা আগে থেকেই বলে আসছেন, টিপাইমুখে বিদ্যুৎ প্রকল্প হলে বাংলাদেশের ওপর এর বিরূপ প্রভাব পড়বে।
প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, টিপাইমুখ বাঁধ নিয়ে সরকার ‘নিশ্চুপ’ ভূমিকা গ্রহণ করেছে। সিলেটে আগামী এক ডিসেম্বর হরতালও ডেকেছে দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২১০০ ঘ.
bdnews24