২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রচারে বিলবোর্ড বা পশুপাখি নয়

নির্বাচনী আচরণ বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপন জারির জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 04:49 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারে জীবন্ত পশুপাখি এবং বিলবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ লক্ষ্যে নতুন একটি উপবিধি করে আচরণ বিধিমালা সংশোধন করা হচ্ছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির জন্য কমিশন সচিব মোহাম্মদ সাদিকের সই করা একটি চিঠি সোমবারই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। কমিশনের কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালায় মেয়র ও কাউন্সিলর (সাধারণ-সংরক্ষিত) পদে বরাদ্দের জন্য ৬৮টি প্রতীকের মধ্যে ১২টি প্রাণীর (পশুপাখি) প্রতীক রয়েছে। এগুলো হলো, বাঘ, হাঁস, প্রজাপতি, মাছ, কুমির, খরগোশ, টিয়াপাখি, হরিণ, বক, গাভী, মোরগ ও হাতি। “কোনো প্রার্থী প্রতীক হিসেবে কোনো প্রাণী বরাদ্দ পেতে পারেন। কিন্তু ওই প্রতীকের জীবন্ত প্রাণী নিয়ে বা তাতে চড়ে প্রচার বন্ধে বিধান করা হচ্ছে”, বলেন ফরহাদ। “দেখা যায় প্রার্থীরা মুরগী নিয়ে বাড়ি বাড়ি যান। আবার সিলেটে এক হাতিতে চড়ে ঘুরছেন- এমন খবরেও বিতর্কের সৃষ্টি হয়েছে, আপত্তি উঠেছে। এভাবে প্রচার চালানো বন্ধ করতেই কমিশন বিধিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।” নবম সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন পবিত্র প্রাণী কিংবা পবিত্র গ্রন্থ বিবেচনায় উট, বই, শঙ্খ, তলোয়ার, খেঁজুরগাছ, মিনার- এই ৬টি প্রতীক বাদ দেওয়ার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা হয়নি। বর্তমানে নির্বাচনে ব্যবহারের জন্য ১৪১টি প্রতীক রয়েছে ইসির তালিকায়। জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ জানান, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে প্রার্র্থীদের প্রচারে বিলবোর্ড ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আসছে। আচরণ বিধিমালা সংশোধনের ক্ষেত্রে মিছিল করা, দেওয়ালে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানোর ওপর নিষেধাজ্ঞার বিষয়গুলোও আরো স্পষ্ট করছে কমিশন। তফসিল ঘোষণার পর আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে কুমিল্লায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/জেকে/১০৪০ ঘ.