২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বঙ্গবন্ধুর খুনিদের হস্তান্তর করা হবে’

বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া পলাতক দুই আসামি সম্পর্কে আরো বাংলাদেশের কাছে আরো তথ্য চেয়ে এ কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্র সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 06:26 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

নয়া দিল্লি প্রতিনিধি নয়া দিল্লি, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া পলাতক দুই আসামি ভারতে থেকে থাকলে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হবে- বলেছেন ভারতের স্বরাষ্ট্র সচিব। নয়া দিল্লিতে সোমবার ভারতের স্বরাষ্ট্র সচিব আর কে সিং বলেন, “তারা ভারতে থাকলে তাদের বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশকে সহায়তা করতে আমরা আনন্দিত হবো। তাদের খুঁজে বের করতে আমরা কোনো চেষ্টা বাকি রাখবো না এবং বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবো।” দুদেশের সচিব পর্যায়ে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তিনি। একই সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব মঞ্জুর হোসেন বলেন, “আমাদের প্রত্যাশা বঙ্গবন্ধুর খুনীদের খুঁজে বের করতে ভারত প্রয়োজনীয় সবকিছু করবে। ভারত তাদের ধরে বাংলাদেশের কাছে হস্তান্তরে সমর্থ হবে বলে আমরা আশাবাদী। আমরা ভারতের প্রচেষ্টাকে অভিনন্দন জানাই।” ১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনা কর্মকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের বেশিরভাগ সদস্যকে তার বাড়িতে হত্যা করে। গত বছরের ২৮ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আসামি আব্দুল মাজেদ ও মোসলেহউদ্দিনসহ সাতজন এখনো পলাতক রয়েছে। বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা মাজেদ ও মোসলেহউদ্দিন ভারতে পালিয়ে থাকতে পারেন। শনিবার শুরু হওয়া দুদিনব্যাপী ওই বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের মধ্যে পলাতকদের খুঁজে বের করে বাংলাদেশের কাছে হস্তান্তরে ভারতের সহায়তা চাওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশকে আরো তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্র“তি দেয় ভারত। তাদের খুঁজে বের করতে ভারতকে তথ্য সরবরাহ করা হবে বলে জানান মঞ্জুর। মঞ্জুর হোসেন ও আর কে সিং বৈঠকে যথাক্রমে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত অন্যদের মধ্যে এম রাশেদ চৌধুরী ও নুর চৌধুরী যুক্তরাষ্ট্র ও কানাডায় রয়েছেন বলে ধারণা করা হয়। এছাড়া আব্দুল আজিজ পাশা জিম্বাবুয়েতে মারা গেছেন এবং খন্দকার আদ্বুর রশিদ ও শরিফুল হক ডালিমের অবস্থান এখনো জানা যায়নি। গত জুলাইয়ে ঢাকা সফরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করতে এবং বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে ভারত। বন্দি বিনিময়ে মতৈক্য

বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময়ের লক্ষ্যে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি কার্যকর করার ব্যাপারে মতৈক্য হয়।

সংবাদ সম্মেলনে দুদেশের পররাষ্ট্র সচিব এ মতৈক্যের কথা জানান।

পারস্পরিক আইনি সহায়তা চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত বন্দি বিনিময় করবে ভারত ও বাংলাদেশ। তাতে নিজ দেশে বাকি সাজা ভোগ করবে ওই বন্দিরা।

দ্রুত সময়ের মধ্যে দুদেশের মধ্যে এ বন্দিপ্রত্যর্পণ চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে একমত হন স্বরাষ্ট্র সচিবরা।

আর কে সিং বলেন, “চুক্তির খসড়া বিনিময় হয়েছে এবং আমরা এটা খতিয়ে দেখছি।”

সীমান্ত ব্যবস্থাপনা

গত জুলাইয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরামের ঢাকা সফরের সময় দুদেশের মধ্যে স্বাক্ষরিত সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (বর্ডার ম্যানেজমেন্ট প্লান) বাস্তবায়নে উভয়পক্ষ সম্মত হয় সদ্যসমাপ্ত বৈঠকে।

স্বরাষ্ট্র সচিব মঞ্জুর হোসেন বলেন, “বাংলাদেশের মাটিতে ভারতবিরোধী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।”

ভারতের পক্ষ থেকেও একই প্রতিশ্র“তি দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিডি/এএইচ/পিডি/০০১৮ ঘ.