ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজ ভাঙা শিল্প ব্যবস্থাপনার বিধিমালা গেজেট আকারে প্রকাশ করে তা নিয়ে আগামী ১৪ ডিসেম্বর আদালতে হাজির থাকতে শিল্প সচিবকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
ওই সময় পর্যন্ত বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে।
সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম শুনানি করেন। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) পক্ষে ছিলেন আইনজীবী আনিসুল হক। বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল। তাকে সহায়তা করেন আইনজীবী ইকবাল কবির।
ইকবাল কবির সাংবাদিকদের বলেন, “আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে জাহাজ ভাঙা শিল্প ব্যবস্থাপনার জন্য সরকার বিধি প্রণয়ন করেনি।”
এর আগে বিএসবিএ’র আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ মার্চ ও পরবর্তীতে ৫ মে হাইকোর্ট সীমিত আকারে জাহাজ আমদানি অব্যাহত রাখার অনুমতি দেয়।
একইসঙ্গে সরকারকে জাহাজ ভাঙা কার্যক্রম পরিচালনায় আদালতের আদেশ অনুযায়ী বিধি প্রণয়ন করতে নির্দেশ দেওয়া হয় ওই সময়।
তবে সীমিত আকারে ভাঙার জন্য জাহাজ আমদানির বিরুদ্ধে বেলা আপিল বিভাগে লিভ টু আপিল করে।
এর পরিপ্রেক্ষিতে গত ৮ অগাস্ট আপিল বিভাগ এ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে ১২ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে নির্দেশ দেয়। এরপর ১৩ অক্টোবর আদালত আরো এক সপ্তাহ সময় দেয়। সোমবার পরবর্তী শুনানি শেষে এই আদেশ আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩২২ ঘ.
bdnews24