ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে বসুন্ধরা আবাসিক এলাকার এক কাশবন থেকে এক তরুণীর মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে সিকদার মেডিকেল কলেজের উত্তর পাশের খালি জায়গা থেকে মো. সোহেলের (২০) জবাই করা লাশ উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বড় ভাই মো. রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহেল রোববার রাত ৮টার দিকে রায়ের বাজারের মিতালী রোডের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে কোনো ধরনের সন্দেহের কথা বলতে পারেননি তিনি।
সোহেলের বাবা মো. হানিফ একজন রাজমিন্ত্রি। সোহেল তার সহকারী হিসেবে কাজ করতেন বলে রুবেল জানান।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহেলকে জবাই করে হত্যা করা হয়েছে। এছাড়া তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুর ২টার দিকে বসুন্ধরার জে ব্লকের কাশবন থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর লাশ পাওয়া যায়।
নিহতের পরণে ছিলো চেক সালোয়ার ও কামিজ।
ওসি বলেন, লাশের পাশে একটি বটি পাওয়া যায়।
আশেপাশে খোঁজার পরও নিহতের মাথাটি পাওয়া যায়নি তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২৩১৬ ঘ.
bdnews24