২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর সিটি কর্পোরেশন: আপত্তির সময় শেষ

গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তিতে আপত্তি জমা দেওয়ার সময় শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 04:43 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

গাজীপুর, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তিতে আপত্তি জমা দেওয়ার সময় শেষ হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) এ সময়সীমা অতিক্রান্ত হয়েছে বলে গাজীপুর জেলা প্রশাসন জানিয়েছে। গত ২০ অক্টোবর সংশ্লিষ্টদের কাছে তাদের মৌজার অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি পাঠিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গাজীপুর ও টঙ্গী পৌরসভার সীমানা সম্পসারণের জন্য ছয়টি ইউনিয়নকে গাজীপুর ও টঙ্গী পৌরসভায় যুক্ত করার পর এই আপত্তি নিষ্পত্তির বিজ্ঞপ্তি জারি করা হয়। এ ছয়টি ইউনিয়নের মধ্যে গাজীপুর পৌরসভায় যুক্ত করা হয়েছে বাসন, কাউলতিয়া, কোনাবাড়ী ও কাশিমপুর এবং টঙ্গীর সঙ্গে যুক্ত করা হয়েছে গাছা ও পূবাইল ইউনিয়ন। এ ব্যাপারে ২৫টি আপত্তিপত্র জমা পড়েছে। এরমধ্যে টঙ্গী পৌর এলাকা থেকে ১৭টি এবং গাজীপুর পৌর এলাকা থেকে আটটি আপত্তি জমা পড়েছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌর এলাকা সম্পর্কে কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যানদের মাধ্যমে ৩০ দিনের মধ্যে অর্থাৎ ১৯ নভেম্বরের মধ্যে গাজীপুরের জেলা প্রশাসক বরাবর আপত্তি জমা দিতে হবে। আপত্তি দাখিলের সময় শেষ হওয়ার পর ১৫ দিনের মধ্যে তা নিস্পত্তির শুনানি করা হবে বলেও জেলা প্রশাসন জানিয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) দেওয়ান মো. হুমায়ুন কবির জানান, আপত্তি আবেদনের বাছাই কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ১-২ দিনের মধ্যে তা নিষ্পত্তির শুনানির বিজ্ঞপ্তি দেওয়া হবে। শুনানি শেষে সংশোধিত প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হবে। এডিসি আরো জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রস্তাব অনুমোদিত হলে পরবর্তীতে পৌরসভা দু’টিকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার প্রস্তাব পেশ করা হবে। তারপর গাজীপুর সিটি কর্পোরেশনের চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে গাজীপুর সিটি কর্পোরেশন। গাজীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চূড়ান্ত গ্যাজেট প্রকাশ হতে আরো দেড়মাস সময় লাগতে পারে। সিটি কর্পোরেশনে উন্নীত হলে বিধি অনুযায়ী একজন ১ম শ্রেণীর কর্মকর্তাকে এর প্রশাসক নিয়োগ করা হবে। তিনি ১৮০ কার্যদিবসের মধ্যে সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করবেন। তিনি আরো বলেন, এদিকে প্রশাসকের সহায়তার জন্য সিটি কর্পোরেশন এলাকা থেকে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি সহায়তা কমিটি করা হবে। পরে নির্বাচন কমিশন ওয়ার্ড বিভক্তিকরণ ও ভোটার হালনাগাদ করার ব্যাপারে কাজ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৭ ঘ.