২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্ট কার্ডে বিআরটিসি বাসের ভাড়া

রাজধানীতে ভাড়া আদায়ে জানুয়ারি থেকে বিআরটিসি বাসে চালু হচ্ছে ডিজিটাল আইসি কার্ড বা স্মার্ট কার্ড পদ্ধতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ভাড়া আদায়ে জানুয়ারি থেকে বিআরটিসি বাসে চালু হচ্ছে ডিজিটাল আইসি কার্ড বা স্মার্ট কার্ড পদ্ধতি। মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে জাইকা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবু নাছের। মো. আবু নাছের বলেন, “স্বল্প সময়ে ভাড়া আদায় ও ডাটাবেজ সংরক্ষণে জাপান সরকারের সহযোগিতায় এ পদ্ধতি চালু করা হবে। এরই মধ্যে জাইকা একটি কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় কাজ শুরু করেছে। আগামী বছরের অক্টোবর নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে।” উন্নত দেশে আইসি কার্ড বা স্মার্ট কার্ড ব্যবহারের মাধ্যমে ভাড়া আদায় একটি জনপ্রিয় ও যাত্রীবান্ধব পদ্ধতি। প্রাথমিকভাবে মহানগরীর আবদুল্লাহপুর হতে মতিঝিল রুটে বিআরটিসির একশ’ বাসে এ পদ্ধতি চালু হবে। পর্যায়ক্রমে বিআরটিসির সব বাসের পাশাপাশি ট্রেনও এর আওতায় আনা হবে বলে জানান তথ্য কর্মকর্তা নাছের। তিনি জানান, এই কার্যক্রম শুরু করতে জাইকা বিআরটিসিকে একশ’ রিডার মেশিন এবং ১২ হাজার আইসি কার্ড বা স্মার্ট কার্ড সরবরাহ করবে। মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিব এমএএন সিদ্দিকের সভাপতিত্বে সভায় জাইকা বাংলাদেশ কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিনিধি মায়োমি এনডো’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় সড়ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ডিটিসিবি ও বিআরটিএ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৯০৭ ঘ.