২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: সেলিম আরো ৩ দিনের রিমান্ডে

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার সেলিমকে আরো তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

নরসিংদী, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার সেলিমকে আরো তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। সোমবার আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করলে তিনদিন মঞ্জুর করা হয়। এর আগে দু’দফায় আটদিন জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। নরসিংদী পুলিশ সুপার খ. মহিদ উদ্দিন বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। এ মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার সাতজনের সবাই বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছেন বলে পুলিশ সুপার জানান। এরা হলেন সেলিম, মাসুদুর রহমান টিপ্পন ওরফে পঙ্কা, আশরাফুল সরকার, হাজী ফারুক, মাহফুজ হোসেন তাওয়াব ওরফে সবুজ, শাহিন ও নাছির। এরমধ্যে মাহফুজ হোসেন সবুজ (২৫), শাহীন (২৪), ফারুক হোসেন (৪০) ও নাসিরকে (২৪) রোববার চারদিনের রিমান্ডে নেওয়া হয়। পুলিশ সুপার আরো বলেন, তদন্তে ব্যাপক অগ্রগতি আছে। অচিরেই এ মামলার সব বিষয় উদঘাটনে সক্ষম হবো। এজাহারভুক্ত অপর আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে তিনি বলেন, “যাচাইবাছাই শেষে যাদের নাম আসবে, তাদেরই গ্রেপ্তার করা হবে। সেলিম ও টিপ্পন সরাসরি খুনের সঙ্গে জড়িত। বাদী এদেরকে সনাক্ত করেছেন।” এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভপতি এসএম কাইয়ুম বলেন, এ মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এজাহারভুক্ত আসামিদেরকে গ্রেপ্তার না করে ‘জজ মিয়া নাটক’ সাজানোর চেষ্টা চলছে। তিনি মামলার নিরপেক্ষ তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর মামুনুর রশীদ ম-ল বলেন, তদন্ত সঠিক পথে এগুচ্ছে। ইতোমধ্যেই ঘাতকদের ব্যবহৃত (ঢাকা মেট্রো-চ-১১-৯১৮০) একটি গাড়ি জেলার শিবপুর থেকে উদ্ধার করা হয়েছে। গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন। তার ভাই মো. কামরুজ্জামান এ ঘটনায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের মধ্যে এজাহরভুক্ত রয়েছেন নরসিংদী শহর যুবলীগের সভাপতি আশরাফুল সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৩ ঘ.