বরিশাল, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বানারীপাড়া পৌর এলাকায় একটি বাগানে এক অজ্ঞাত পরিচয় সদ্যজাত শিশু পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে ২ নম্বর ওয়ার্ড এলাকার শংকর চন্দ্রের বাড়ির বাগানে শিশুটি পান পৌর কাউন্সিলর মো. হিরন।
বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক যতীন চন্দ্র রায় জানান, শিশুটি বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের তত্ত্বাবধায়নে রয়েছে।
তবে শিশুটি পুরোপুরি সুস্থ নয় বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
কাউন্সিলর হিরন সাংবাদিকদের বলেন, শংকর চন্দ্রের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বাগানে শিশুটির কান্না শুনতে পান। পরে কাঁথায় মোড়া শিশুটিকে নিয়ে হাসপাতালে যান।
বানারীপাড়া থানার ওসি আব্দুর রব হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটিকে কে ফেলে গেছে তা জানা যায়নি। সকালে এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৫ ঘ.
bdnews24