গাইবান্ধা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি বিপণী বিতানের নৈশপ্রহরীকে খুন করেছে দুর্বৃত্তরা ।
নিহত মতিলাল দাস (৪৫) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা দাউদপুর গ্রামের স্বরূপ লাল দাসের ছেলে। নওয়াব আলী সুপার মার্কেটের এই নৈশপ্রহরী সপরিবারে পলাশবাড়ীর মহদীপুর গ্রামে থাকতেন।
খবর পেয়ে পুলিশ সোমবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে গাইবান্ধা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পলাশবাড়ী থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মার্কেটের দুই তলার সোনালী ব্যাংক লিমিটেডের এর ফ্লোরে মতিলালের লাশ পাওয়া যায়। তার মাথায় বেশ কয়েকটি জখমের চিহ্ন আছে।
লাশের পাশ থেকে একটি হ্যাকসো ব্লেড, ভাঙা টর্চ লাইট উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করে মতিলালকে হত্যা করা হয়েছে।
ওসি বলেন, “দুর্বৃত্তরা রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে ওই মার্কেটে ডাকাতি কিংবা চুরি করতে এসেছিলো। কিন্তু মতিলাল তাদেরকে চিনতে পারায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।”
মতিলালের স্ত্রী ফুলমতি রাণী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৫৩৩ ঘ.
bdnews24