ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকার ৯২টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে মোট ৯২টি সমবায় বাজার চালু করতে যাচ্ছে সরকার।
এজন্য প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করতে ঢাকা সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
সমবায় বাজার স্থাপন সংক্রান্ত পর্যালোচনা সভায় রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ নির্দেশ দেন। তার সভাপতিত্বে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হয়।
প্রতিমন্ত্রী নানক বলেন, সমবায় ভিত্তিক বাজারজাতকরণ পদ্ধতিতে উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তা ও উৎপাদনকারীর স্বার্থ রক্ষা এবং মুনাফালোভী চক্রের তৎপরতা বন্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সভায় জানানো হয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সমবায় অধিদপ্তর ইতোমধ্যে ঢাকায় চারটিসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ৮৪টি সমবায় বাজার স্থাপন করেছে। ভবিষ্যতে উপজেলাসহ জনবহুল গুরুত্বপূর্ণ এলাকাতেও এ ধরনের বাজার বসানো হবে।
সমবায় বাজারগুলো বিভিন্ন সমবায় সমিতি চালাচ্ছে। এতে পণ্য উৎপাদনকারী ও বিক্রেতা উভয়ই সমবায়ী। এতে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের পাশাপাশি গ্রামীণ কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, সমবায় বাজার নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য সরবরাহ করে পণ্যমূল্য নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সামর্থ্যরে মধ্যে রাখতে ভূমিকা রাখছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার পাশাপাশি সঠিক নেতৃত্বে পরিচালিত দক্ষ সমবায় সমিতিগুলোকে এ কাজের জন্য সর্বাত্মক সহায়তা দেবে সরকার।
সভায় অন্যদের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. মিহির কান্তি মজুমদার, ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদসহ আঞ্চলিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ
সভার পরে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুরের বটতলা এলাকার প্রায় এক হাজার দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। দুর্গতদের প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে পাওয়া নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও বস্ত্র দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/এমআই/১৭২১ ঘ.
bdnews24