সিরাজগঞ্জ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে গালা গ্রামের শ্বশুর বাড়ি থেকে তারা বানু (৩০) নামে তিন সন্তানের ওই জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তারা বানু ওই গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী ও ইউসুফ আলীর মেয়ে।
শ্বশুরবাড়ির লোকজন তারা বানুকে খুন করেছে অভিযোগ করে তার ভাই থানায় একটি মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, স্বামী- স্ত্রীর দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের জের ধরে শুক্রবার গভীর রাতে তারা বানুর শ্বশুরবাড়িতে নিজের ঘরে তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়।
প্রতিবেশীর কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ সময় তারা বানুর বাবার ও শ্বশুরের পরিবারের কাউকে পাওয়া যায়নি।
দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, নিহতের ভাই শামসুল হক শনিবার সকালে ৪৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের সবাই তারার শ্বশুরবাড়ি ও ওই গ্রামের বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮১৩ ঘ.
bdnews24