২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৩৬ দিন পর লাশ উত্তোলন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দাফনের একমাস ছয়দিন পর লাশ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

চাঁদপুর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দাফনের একমাস ছয়দিন পর লাশ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে শুক্রবার সকালে আবুরকান্দি গ্রামের নবীর হোসেনের (৪০) লাশ তোলা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন উপস্থিতিত ছিলেন। নবীর হোসেনের ছোট ভাই আল আমিন চাঁদপুর মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে অভিযোগ করেন, গত ১৪ অক্টোবর রাতে তার ভাইকে প্রতিপক্ষ হুমায়ুন লস্করসহ অন্যরা হত্যা করেছে। পরে ভূত বা পিচাশের হাতে মৃত্যু হয়েছে প্রচার করে পরদিন নবীর হোসেনের লাশ দাফন করা হয়। তার অভিযোগ, পূর্ব বিরোধের জেরে হুমায়ুন লস্কর তা ভাইকে হত্যা করেছেন। আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাইয়ের মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দিলে তিনি আদালতে হুমায়ুন লস্করসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে গত ১৪ নভেম্বর আদালত কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেয়। মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী সিকদার বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর প্রকৃত ঘটনা বলা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৫ ঘ.