ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মাসেতু প্রকল্পে অনিয়মের বিষয়ে বিশ্বব্যাংক এখনো চিঠির জবাব দেয়নি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র বলেছেন, অনিয়মের তথ্য পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার রাজধানীর দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে কমিশনের মাসিক কর্মকাণ্ড সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক ফররুখ আহমেদ বলেন, "কোনো অনিয়ম হয়েছে কি না তা জানতে চেয়ে বিশ্বব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। এখনো এ ব্যাপারে কোনো জবাব পাওয়া যায়নি।"
দেশের সবচেয়ে বড় এই নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক কিছুদিন আগে অর্থায়ন স্থগিত করে দেয়। ২৯০ কোটি ডলারের এ সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা।
অর্থায়ন নিয়ে জটিলতা দেখা দেওয়ায় গত ২০ অক্টোবর এক প্রেসনোটে পরিস্থিতি ব্যাখ্যা করে সরকার। এতে বলা হয়, প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে তদন্তের জন্য সরকারের তরফ থেকে দুদককে দায়িত্ব দেওয়া হয়।
এই পরিপ্রেক্ষিতে বিশ্ব ব্যংককে চিঠি দিয়ে দুর্নীতির তথ্য চায় দুদক।
ফররুখ আহমেদ বলেন, বিশ্বব্যাংক অনিয়মের তথ্য দিলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কমিশনের মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন) কামরুল হোসেন মোল্লাও প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
সংস্থার মুখপাত্র ফররুখ জানান, বর্তমানে দুদকের ২ হাজার ৮৮৭টি মামলা বিশেষ জজ আদালতে বিচারাধীন। এর মধ্যে সাবেক দুর্নীতি দমন ব্যুারোর সময়ের মামলা রয়েছে এক হাজার ৩২৬টি।
বিচারাধীন মামলাগুলোর মধ্যে ঢাকার ৮২৭টি এবং ঢাকার বাইরের দুই হাজার ৬০টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হাইকোর্টের নির্দেশে ৭০৭টির বিচার কার্যক্রম স্থগিত রয়েছে।
ফররুখ জানান, গত অক্টোবর মাসে কমিশনে ৬৮৩টি অভিযোগ আসে। তথ্য-উপাত্ত বিবেচনা করে ৯১টি অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহীত হয়। আর ছয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য।
এছাড়া গত সেপ্টেম্বর মাসে পাওয়া ১৫৯টি অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে বলেও তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৬১৫ ঘ.
bdnews24