২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করের আওতায় আসছেন মন্ত্রীরা

মন্ত্রীদের বেতনের ওপর করের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এটি সংসদে পাস হলেই মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা সবাইকে আয়কর দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 09:18 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীদের বেতনের ওপর করের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এটি সংসদে পাস হলেই মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা সবাইকে আয়কর দিতে হবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদিত হয়। গত বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন করের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এ পদক্ষেপের মধ্য দিয়ে তা-ই বাস্তবায়নের পথে এগোচ্ছে। কর্মকর্তারা জানান, মন্ত্রিসভায় অনুমোদিত এ প্রস্তাব এখন সংসদে যাবে। এরপরই তা চূড়ান্ত হবে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বৈঠকে 'দি প্রাইম মিনিস্টার (রেমুনারেশন অ্যান্ড পিভিলেজেস) আ্যাক্ট-১৯৭৫ এবং দি মিনিস্টারস, মিনিস্টারস অফ স্টেট, ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড পিভিলেজেস) অ্যাক্ট-১৯৭৩ এর সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়েছে।" বর্তমান আইন অনুযায়ী প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের বেতন করমুক্ত। "কিন্তু এখন থেকে তা করমুক্ত থাকবে না, সবাইকে কর দিতে হবে। আইনের সংশোধন করে তাদের বেতন আয়করের আওতায় আনা হচ্ছে," বলেন প্রেসসচিব। বৃহস্পতিবারের বৈঠকে দুটি সম্পূরকসহ মোট ১৪টি প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয় বলে আবুল কালাম আজাদ জানান। এর মধ্যে রয়েছে 'মানি লন্ডারিং আইন' সংশোধনের প্রস্তাবও। এ আইন সংশোধন করে অর্থ পাচারের মামলায় শাস্তি সর্বনিু চার বছর থেকে সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ড এবং জরিমানা হিসেবে সম্পত্তি বাজেয়াপ্তসহ বাজেয়াপ্ত সম্পত্তির দ্বিগুণ অথবা ২০ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। মানি লন্ডারিংয়ের মামলায় আদালতে মিথ্যা সাক্ষ্য বা তথ্য দেওয়ার জন্যও সর্বনিু তিন বছরের শাস্তির বিধান প্রস্তাব করা হয়েছে। বৈঠকে 'জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা ২০০৬' সংশোধন করে উপস্থাপিত নীতিমালার খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এতে নীতিমালা সংশোধন করে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর (ইপিজেড) 'সি' ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোকেও জাতীয় ট্রফির জন্য মনোনীত করার বিধান রাখা হয়। এছাড়াও মন্ত্রিসভায় বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বৈত করারোপ পরিহার চুক্তি অনুসমর্থন; মিয়ানমার ও বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের চুক্তি এবং বাংলাদেশ-কম্বোডিয়ার মধ্যে কূটনৈতিক ও সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তির অনুমোদন দেওয়া হয়। 'বাংলাদেশ (ফ্রিডম ফাইটার্স) ওয়েলফেয়ার ট্রাস্ট (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১১' সংশোধন এবং মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের রাষ্ট্রনায়ক ও ব্যক্তিদের সম্মাননা দেওয়ার জন্য ঢাকায় প্রথম পর্বের অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব অনুমোদন না করে ফেরত পাঠানো হয়। প্রস্তাব দুটি পরবর্তীতে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আবুল কালাম আজাদ। বৈঠকে শিল্পমন্ত্রীর তুরস্ক সফর, বাণিজ্যমন্ত্রীর জাপান সফর, পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর যুক্তরাষ্ট্র-দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে মন্ত্রিসভাকে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬১২ ঘ.