২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘট

রাস্তা মেরামতের দাবিতে কুষ্টিয়া পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘটে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 05:39 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

কুষ্টিয়া, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তা মেরামতের দাবিতে কুষ্টিয়া পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘটে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার বিকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জেলা পরিবহন মালিক সমিতি, পুলিশ ও জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে এক যৌথ বৈঠক শেষে ধর্মঘটের ঘোষণা আসে। বুধবার সরেজমিনে দেখা গেছে, লালন শাহ সেতুর পশ্চিম প্রান্ত এবং ভাদালিয়ায় ধর্মঘটি শ্রমিকরা অবস্থান নিয়ে যানবাহন আটকে দিচ্ছে। ফলে দূরপাল্লার যাত্রীর পড়েছেন চরম বিপাকে। শত শত যাত্রী গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে কিংবা স্থানীয় যানবাহনে চড়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। কুষ্টিয়া জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর হোসেন দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুষ্টিয়া-প্রাগপুর, কুষ্টিয়া-ভেড়ামারা এবং কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়ক যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তিনি বলেন, "এ বিষয়ে আমরা জেলা প্রশাসন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, এমনকি নৌ পরিবহন মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এ অবস্থায় আমরা ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি।" দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখারও ঘোষণা দেন জেলা বাস মালিক সমিতির এই নেতা। ধর্মঘট প্রত্যাহারের জন্য পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক। তিনি জানান, দ্রুত সড়ক মেরামতের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১১৩২ ঘ.