নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
বেঙ্গালুরু, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেঙ্গালুরু থেকে ঢাকা ফেরার পথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
পশ্চিমবঙ্গ যাবেন কি না- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রশ্নের উত্তরে তিনি 'হ্যাঁ' বলেন। সেখানে মমতার সঙ্গে দেখা করবেন কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "আশা করছি"।
ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের (আইওআর-এআরসি) ১১তম মন্ত্রিপর্যায়ের সম্মেলনে যোগ দিতে বেঙ্গালুরুতে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে পররাষ্ট্রমন্ত্রীর এক সফরসঙ্গী নাম প্রকাশ না করার শর্তে দীপু মনির পশ্চিমবঙ্গে গিয়ে মততার সঙ্গে দেখা করার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, "তিনি মমতার জন্য ঢাকাই জামদানি এনেছেন।"
গত সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর থেকে মমতা সরে দাঁড়ানোয় ঢাকা-দিল্লির মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি হয়নি। পরে ভারতের পররাষ্ট্র সচিব জানান, পশ্চিমবঙ্গের সম্মতি ছাড়া তিস্তা চুক্তি করা হবে না।
১০ নভেম্বর মালদ্বীপে সার্ক সম্মেলনের ফাঁকে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী এ ইস্যুর বাস্তবসম্মত সমাধানে 'জাতীয় ঐক্যমত্যে' পৌঁছানোর কথা বলেন।
বেঙ্গালুরুতে আইওআর-এআরসি সম্মেলনের ফাঁকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে বৈঠকের পর দীপু মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ চুক্তি 'যত দ্রুত সম্ভব' করার ব্যাপারে ভারত আশাবাদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/১৯২৬ ঘ.
bdnews24