২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ২ ভাগের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি কাউন্সিলরদের

ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার সিদ্ধান্তকে 'আত্মঘাতি ও ষড়যন্ত্রমূলক' অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কাউন্সিলররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার সিদ্ধান্তকে 'আত্মঘাতি ও ষড়যন্ত্রমূলক' অভিহিত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কাউন্সিলররা। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার সকালে এক মানববন্ধন ও সমাবেশে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) কাউন্সিলররা বলেন, এটি একটি 'ষড়যন্ত্র'। নগরবাসীর সেবা নিশ্চিত করতে প্রয়োজনে মেয়রের অধীনে চারটি ডেপুটি মেয়রের পদ সৃষ্টির দাবি জানান তারা। সমাবেশে কাউন্সিলর হাজী রফিকুল ইসলাম, হাজী মো. সেলিম, মোশারফ হোসেন খোকন, আনোয়ার হোসেন, হুমায়ুন কবির, আব্দুল আলীম নকি, মুন্সি বজলুল বাশিত আনজু ও মাহামুদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশের সভাপতি ৭৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা কাজী আবুল বাশার বলেন, মানববন্ধনে ডিসিসি'র নির্বাচিত ১২০ কাউন্সিলরের সবাই অংশ নেন। এ সময় তিনি ঢাকা সিটি কর্পোরেশনকে অখণ্ডিত রাখা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুমকি দেন। সমাবেশে বক্তারা বলেন, সিটি কর্পোরেশনকে দুই ভাগ করা হলে ডিসিসির সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে ১৫ থেকে ২০ বছর সময় লাগবে। দুই অংশের উন্নয়নে বৈষম্য সৃষ্টি হবে এবং আর্থিক ব্যয় বাড়বে বলেও মন্তব্য করেন তারা। তাদের মতে, এতে কর্মচারীদের পদায়নে প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতার সৃষ্টি হবে। তারা প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের মহানগর সরকার (মেট্রোপলিটন গভর্নমেন্ট) গঠনের প্রস্তাবকে সমর্থন করে বলেন, এতে সব মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তবায়ন সম্ভব হবে। মানববন্ধন ও সমাবেশে সংহতি প্রকাশ করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ ও বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করার নীতিগত সিদ্ধান্ত গত ১৭ অক্টোবর মন্ত্রিসভায় অনুমোদন হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ৯২টি ওয়ার্ড সম্বলিত ডিসিসির ৫৬টি নিয়ে দক্ষিণে এবং ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তরে দুটি আলাদা সিটি কর্পোরেশন হওয়ার কথা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেছিলেন, নগরবাসীর কাক্সিক্ষত সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন দুই ভাগ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসডব্লিউ/পিডি/১৮৩৮ ঘ.