ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরে বাংলা নগর এলাকার কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী ও বিএনপি নেতা আবদুল বাকী ওরফে মিল্টন হত্যা মামলার অন্যতম আসামি আবুল কাশেম আদালতে জবানবন্দি দিয়েছেন।
রোববার ঢাকার মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন তার জবানবন্দি নেন।
জবানবন্দিতে নিজের জড়িত থাকার কথা কাশেম জানিয়েছেন বলে ইঙ্গিত দেন আদালত পুলিশের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আরশেদ আলী।
তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। পরে কাশেমকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
১২ নভেম্বর ভোর ৪টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার একটি বাসা থেকে কাশেমকে গ্রেপ্তার করে র্যাব।
এর আগে গত ১১ নভেম্বর এই মামলার অন্য আসামি মিল্টনের বন্ধু মামুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেদিন মামলার আরেক আসামি মন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে মহানগর হাকিম আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
এ মামলায় গ্রেপ্তার অন্য আসামি সজলের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি হবে সোমবার।
গত ৯ নভেম্বর রাজধানীর ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মিল্টন শেরে বাংলা নগরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এএল/২২০২ ঘ.
bdnews24