২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, ভাংচুর

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাংচুর করেছে রোগীর স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 10:55 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাংচুর করেছে রোগীর স্বজনরা। রোববার দুপুরে এ হামলা চলাকালে কয়েকজন চিকিৎসককে লাঞ্ছিত করারও অভিযোগ পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে হাসপাতালে মো. মহিজউদ্দিন (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়। তার বাড়ি সোনারগাঁও পৌর এলাকার রাইজউদ্দিন গ্রামে। মহিজউদ্দিনের ছেলে মফিজুল ইসলামের অভিযোগ, সকাল সাড়ে ১০টার দিকে বুকে প্রচ- ব্যথা অনুভব করলে তার বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে হৃদরোগের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা হৃদরোগ হাসপাতালে নেওয়ার পরার্মশ দেন চিকিৎসকরা। তিনি জানান, তারা ভাড়া করা মাইক্রোবাসে ঢাকা নিয়ে যেতে চাইলে চিকিৎসকরা বলেন সরকারি অ্যামস্বুলেন্সে নিতে। এনিয়ে কিছুক্ষণ সময় নষ্ট হয়। রোগীর অবস্থার অবনতি হলে চিকিৎসক তার বাবাকে একটি ইনজেকশন দেন। এর কিছক্ষুণ পরই রোগীর মৃত্যু হয়। ওই ইনজেকশন দেওয়ার কারণেই তার বাবার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোকমান হোসেন জানান, অক্সিজেনসহ অন্যান্য সুবিধা থাকায় রোগীকে অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়ার কথা বলি। কিন্তু তারা পরামর্শ না শুনে প্রাইভেট গাড়ি আনতে বিলম্ব করায় মহিজউদ্দিনের মৃত্যু হয়। তিনি অভিযোগ করেন, রোগীর মৃত্যুর পর তার সঙ্গে আসা লোকজন জরুরি বিভাগের আসবাবপত্র, ওষুধ রাখার সেলফসহ অনেক কিছু ভাংচুর করে। রোগীর স্বজনরা তাকে (লোকমান), চিকিৎসক গোলাম মোস্তফা ইমন, নিরঞ্জন, খাইরুল ইসলামসহ কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনার সত্যতা স্বীকার করে সোনারগাঁও থানার ওসি ইউনুস আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫০ ঘ.