২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণচেষ্টার মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পরিদর্শক মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 08:07 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পরিদর্শক মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। মিজানুর রোববার রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এ বি এম মিজানুল হক এ আদেশ দেন। মিজান জামিন চাইলেও তা নাকচ করে আদালত। মিজানুর রহমান ১৩ নভেম্বর পর্যন্ত উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। গত ৩১ অক্টোবর তিনি বিচারিক আদালতে জামিননামা দাখিল করেন। বাদিপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা না থাকা সত্ত্বেও ওসি মিজান বিচারিক আদালতে যে জামিননামা দাখিল করেন, তা আইনসম্মত নয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে বাদিপক্ষের আইনজীবী আদালতের কাছে আবেদন করেছেন বলে জানান ইফতেখার। এ বছরের ১২ জুলাই চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি কলেজের ছাত্রী ও তার এক ছেলেবন্ধু ফয়'স লেকে বেড়াতে গেলে পুলিশ পরিদর্শক মিজান তাদের জোর করে গাড়িতে তুলে নগরীর চকবাজার এলাকায় 'আল আকাবা' হোটেলে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, রাতে দুজনকে দুটি কক্ষে আটকে রেখে ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা চালায় মিজান। এ সময় ওই ছাত্রী হোটেল কক্ষের শৌচাগারে আশ্রয় নেয় এবং কাঁচ দিয়ে নিজের হাত কেটে অজ্ঞান হয়ে পড়ে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে একটি মামলা করেন। ঘটনার সময় মিজান চট্টগ্রামে একটি মামলায় সাক্ষ্য দিতে পাঁচ দিনের ছূটিতে এসেছিলেন। কুমিল্লার কসবা থানায় দায়িত্ব পালনের আগে মিজান চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায় পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/এমআই/১৪০৪ ঘ.