২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মী নির্যাতন: সাঁথিয়ার এসআই প্রত্যাহার

'পুলিশের নির্যাতনে' গুরুতর অসুস্থ গৃহকর্মী রোমেলা খাতুনের বাবার মামলা না নেওয়ায় পাবনার সাঁথিয়া থানার উপ-পরিদর্শক আইয়ূব আলীকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

পাবনা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'পুলিশের নির্যাতনে' গুরুতর অসুস্থ গৃহকর্মী রোমেলা খাতুনের বাবার মামলা না নেওয়ায় পাবনার সাঁথিয়া থানার উপ-পরিদর্শক আইয়ূব আলীকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় তাকে পাবনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন জানান। সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে এসে তিনি সাংবাদিকদের বলেন, রোমেলার বাবা মামলা করতে গেলে সাঁথিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আইয়ূব আলী মামলা নিতে অনীহা প্রকাশ করেন। তিনি আরো জানান, রাতে তিনি হাসপাতালে গিয়ে শিশু রোমেলা খাতুনের (৮) সঙ্গে কথা বলেছেন। রোমেলা তাকে নির্যাতনের কাহিনী বর্ণনা করেছে। পরে তার (এসপি) নির্দেশে সাঁথিয়া থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রোমেলার বাবার দায়ের করা মামলাাটি সীতাকু- থানায় পাঠানো হয়। রোমেলা ও তার বাবা-মা'র অভিযোগ, চট্টগ্রামের সীতাকু- থানার উপ-পরিদর্শক সাহেদ আলী ও তার স্ত্রী সুইটি খাতুনের গরম খুন্তির ও ছুরির ছ্যাঁকায় রোমেলা গুরুতর অসুস্থ হয়েছে। গত বুধবার রোমেলাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোমেলা পাবনার সাঁথিয়া উপজেলার নান্দিয়ারা গ্রামের রিয়াজুদ্দিন ও রোমেছা খাতুনের মেয়ে। আর্থিক অনটনের কারণে গৃহকর্মীর কাজে দেন চট্টগ্রামের সীতাকু- থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেদ আলীর বাসায়। তার বাড়িও একই এলাকায়। রোমেলার বাবা-মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নয়মাস আগে একই গ্রামের বাসিন্দা সাহেদ আলীর বাসায় কাজে যোগ দেয় রোমেলা। এরপর থেকেই নানা অজুহাতে সাহেদ আলী ও তার স্ত্রী সুইটি খাতুন বেলন দিয়ে মারধর করতেন। গরম খুন্তি ও গরম ছুরি দিয়ে ছ্যাঁকা দিতেন। এক সপ্তাহ আগে গরম খুন্তি ও গরম চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় ঈদের আগের দিন তাকে পাবনার গ্রামের বাড়ি নান্দিয়ারায় পাঠিয়ে দেন তারা। বাড়িতে অবস্থার অবনতি হলে বুধবার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ফাইরোজা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরীরের অন্তত ৪০টি স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। এরমধ্যে মাথা ও পিঠের আটটি ক্ষত গুরুতর। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, পাবনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। পাবনা সদর থানার ওসি এনায়েত উদ্দিনকে বিষয়টি জানিয়ে পরামর্শ চাইলে তিনি রোমেলার বাবাকে বলেন, ঘটনাটা চট্টগ্রামের সীতাকু- থানা এলাকায় হয়েছে। তাই ওই থানায় মামলা করা উচিত। এ ব্যাপারে সীতাকু- থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বিষয়টি শোনেননি। এসআই সাহেদ আলীর বাড়িও পাবনায়। তিনি (সাহেদ) গত ৪ নভেম্বর থেকে ১৫ দিনের ছুটিতে রয়েছেন বলে তিনি জানান। এ ব্যাপারে এসআই সাহেদ আলীর সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৬ ঘ.