বেনাপোল, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তব্যে অবহেলার দায়ে যশোরের ঝিকরগাছা থানার শিয়রদা ফাঁড়ির এক উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এই ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোর্তুজাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
ঝিকরগাছা থানার ওসি এনামুল হক এ খবর নিশ্চিত করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী রবিউল ইসলামকে প্রতিপক্ষের লোকজন অপহরণ করে।
ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ দুইদিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি।
বৃহস্পতিবার শার্শার উলাশি এলাকায় রবিউলের বস্তাবন্দি লাশ পাওয়া যায়।
"কর্তব্যে অবহেলার জন্য গোলাম মোর্তুজাকে প্রত্যাহার করা হয়েছে," বলেন তিনি।
ওসি এনামুল হক আরো জানান, বুধবার ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক মহিবুল ইসলাম বাদী হয়ে নয় জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা করেন। বৃহস্পতিবার এ মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৩২ ঘ.
bdnews24