২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

বরগুনার সদর উপজেলার ক্রোক গ্রামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 04:03 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

বরগুনা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার সদর উপজেলার ক্রোক গ্রামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরগুনা থানার ওসি জাকির হোসেন ফকির জানান, বৃহস্পতিবার সকালে পাথরঘাটা উপজেলার কামারহাট গ্রামের আবদুল বারেক হাওলাদারের মেয়ে শিল্পী আক্তারের (১৯) লাশ বরগুনা সদর হাসপাতালে ফেলে পালানোর সময় তার স্বামী ইলিয়াস হোসেন মিলন ও শাশুড়ি আকলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়। অবশ্য ইলিয়াস পুলিশের কাছে দাবি করেছেন, শিল্পী ঘরের বারান্দায় গলায় গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওসি জাকির হোসেন সাংবাদিকদের বলেন, "ওই বারান্দা খুবই নিচু। সেখানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা সম্ভব না। মেয়েটির গলার দাগ দেখে ধারণা হচ্ছে, তাকে চিকন রশি দিয়ে ফাঁস দেওয়া হয়েছে।" সকাল পৌঁনে ১০টার দিকে শিল্পীর লাশ বরগুনা জেনারেল হাসপাতালে ফেলে রেখে পালানোর চেষ্টা করে তার স্বামী ও শাশুড়ি। সন্দেহ হওয়ায় হাসপাতালের লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২১৫৫ ঘ.