যশোর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা উপজেলার উলাশি এলাকা থেকে একটি জোড়া খুনের মামলার আসামির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শার্শা থানার পুলিশ পরিদর্শক (ওসি) একেএম ফারুক জানান, নিহতের নাম রবিউল ইসলাম। সন্ত্রাসীরা তাকে অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর বস্তায় লাশ ভরে ফেলে রেখে যায়। পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে।
ওসি বলেন, রবিউলের বিরুদ্ধেও একটি জোড়া খুনসহ বেশ কয়েকটি হত্যা ও ডাকাতি মামলা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের পরদিন দুপুরে চারটি মোটর সাইকেলে একদল সশস্ত্র সন্ত্রাসী রবিউলের বাড়ি ঘেরাও করে। সে সময় রবিউল পালানোর চেষ্টা করলে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তাকে ধরে কন্যাদহ গ্রামের দিকে নিয়ে যায় তারা।
এরপর বৃহস্পতিবার সকালে শার্শার উলাশী মাঠে একটি মুখবাঁধা বস্তা দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে বস্তার ভেতরে রবিউলের লাশ পায়।
ওসি ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২১৪৬ ঘ.
bdnews24