বরিশাল, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে মেঘনা নদীর মেহেন্দিগঞ্জ উপজেলা অংশে যাত্রিবাহী লঞ্চ ও সারবোঝাই কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
বুধবার রাত ২টায় মেঘনা নদীর মেহেন্দীগঞ্জ উপজেলার চরএককরিয়ায় এই দুর্ঘটনায় কার্গোর একজন নিখোঁজ রয়েছে।
যাত্রিবাহী বরিশাল-ঢাকা রুটের বিলাসবহুল সুন্দরবন-৮ লঞ্চটির সামনে সামান্য বিধস্ত হলেও যাত্রীরা অক্ষত আছেন।
মেহেন্দিঞ্জ থানার ওসি জুলফিকার মোহাম্মদ গাজ্জালী জানান, দুর্ঘটনায় কার্গোটি ডুবে গেছে এবং কার্গোর একজন নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় সব যাত্রীসহ সুন্দরবন-৮ লঞ্চটি বরিশাল ঘাটে পৌঁছে বলে জানান এর মালিক সাইদুর রহমান রিন্টু।
তিনি বলেন, "বুধবার রাতে মেঘনা নদীর চরএককরিয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটির সঙ্গে ঢাকাগামী সারবোঝাই এমভি আল-আব্দুল্লাহ নামের কার্গোর মুখোমুখি সংঘর্ষ হলে কার্গোটি ডুবে যায়। তবে এ ঘটনায় সামান্য বিধস্ত লঞ্চটিকে তীরে ভেড়ানো হয়।"
লঞ্চটি পুনরায় ছেড়ে আসতে চাইলে যাত্রীরা উত্তেজিত হয়ে লঞ্চের সুকানিকে মারধর করে জানিয়ে রিন্টু বলেন, "এ সময় লঞ্চের যাত্রী সংসদ সদস্য ধীরেন্দ্র নাথ সম্ভু, গোলাম সবুর টুলু ও বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জিল্লুর রহমান উত্তেজিতদের শান্ত করে।"
দুর্ঘটনার কারণ হিসেবে তিনি বলেন, "মাল বোঝাই কার্গো ও বলগেট পানির উপর ভাসমান থাকলে কোনো নিয়ন বাতি দেখা যায় না ফলে দুর্ঘটনা ঘটে থাকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/১৮০১ ঘ.
bdnews24