ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষতিপূরণ আদায়ে ঐক্যমতে পৌঁছার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ক্লাইমেট ভারনাবল ফোরামের (সিভিএফ) সম্মেলন।
বৃহস্পতিবার বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আগামী ১৩-১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘের মহাসচিব বান কিন মুন উপস্থিত থাকবেন বলে জানান হাছান মাহমুদ।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ২৬টি দেশ অংশ নেবে। সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে থাকবে আরও ২৬ টি দেশের প্রতিনিধি। বিশ্ব ব্যাংক, কমনওয়েলথসহ প্রায় ২০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেবেন।
প্রতিমন্ত্রী বলেন, সিভিএফ-এর অন্যতম লক্ষ্য হচ্ছে কার্বন নি:সরণ কমাতে একটি আইনী চুক্তিতে পৌঁছা। ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষতিপূরণ আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে সিভিএফ।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিদেশিদের অর্থায়নের গঠিত তহবিলে এখন পর্যন্ত ১২৫ মিলিয়ন ডলার সহায়তা পাওয়ার চুক্তি করা গেছে। এছাড়া আরও ১০০ মিলিয়ন ডলার পাওয়ার প্রক্রিয়ায় আছে।
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ দেশগুলোর নেতৃত্বে ২০০৯ সালে গঠন করা হয় ক্লাইমেট ভারনাবল ফোরাম (সিভিএফ)। মালদ্বীপের রাজধানী মালতে এই ফোরাম গঠন করা হয়। এর আগে সিভিএফের দু'টি সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশের সভাপতিত্বে ঢাকায় ফোরামের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
হাছান মাহমুদ বলেন, এই সম্মেলনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ দেশের পাওনা আদায়ে জলবায়ু পরিবর্তনে দায়ী বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর কাছে দাবি জানানো হবে। সম্মেলনের সমাপনী দিনে ঢাকা ঘোষণা দেওয়া হবে।
বন ও পরিবেশ মন্ত্রনালয়ের উধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৪০৫ ঘ.
bdnews24