ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐক্য জোরদার করতে 'সেতুবন্ধ' রচনার প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার মালদ্বীপের আদ্দু দ্বীপে শুরু হয়েছে সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন।
এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং জলকবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার বিষয়গুলো।
মালদ্বীপের অনলাইন সংবাদমাধ্যম 'হাভেরু অনলাইন' জানায়, আদ্দু দ্বীপের ইকুইটোরিয়াল কনভেনশন সেন্টারে স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৪৬) এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কের আট সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এর আগেই সম্মেলন কেন্দ্রে পৌঁছান।
উদ্বাধনী অনুষ্ঠানের শুরুতেই মালদ্বীপের জনপ্রিয় সংগীত শিল্পী মরিয়ম উনুশা এবারের সম্মেলন উপলক্ষে লেখা একটি গান পরিবেশন করেন। এরপর স্বাগত বক্তব্য দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।
তিনি বলেন, "দক্ষিণ এশিয়ার অর্থনীতি উন্নতির দিকেই যাচ্ছে। একসঙ্গে কাজ করার মধ্যে দিয়ে আমরা এই উন্নয়নকে আরো এগিয়ে নিতে পারি।"
সার্কের মধ্য দিয়ে পৃথিবীকে 'বদলে দিতে' এ অঞ্চলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।
এরপর একে একে নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি, শ্রীলংকার প্রেসিডেন্ট মহিন্দ্র রাজাপাকশে, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভূটানের প্রধানমন্ত্রী জিগমে থিনলে এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্মেলনে তাদের বক্তব্য দেন।
শীর্ষ সম্মেলন সামনে রেখে সার্কের পররাষ্ট্র সচিবদের বৈঠক বসে মঙ্গল ও বুধবার। সেখানে সিদ্ধান্ত হয়, চলতি মাসের শেষে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে অভিন্ন অবস্থান নেবে সার্কভুক্ত দেশষগুলো। এ বিষয়ে একটি খসড়াও তৈরি করা হয় বৈঠকে। শীর্ষ সম্মেলন শেষে দক্ষিণ এশীয় নেতারা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
এছাড়া বুধবার সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউনিসেফের পক্ষ থেকে আঞ্চলিক পরিচালক ড্যানিয়েল টুল দক্ষিণ এশিয়ায় শিশু অধিকার বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও অংশ নেন ওই বৈঠকে।
সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মালদ্বীপে। সার্ক নেতারা যেসব জায়গায় যাবেন বা থাকবেন সেখানে কেবল বিশেষ অনুমতিপ্রাপ্তরাই প্রবেশ করতে পারবে।
সম্মেলন উপলক্ষে মালদ্বীপে আসা শীর্ষ নেতাদের রাখার ব্যবস্থা হয়েছে ভিলিনগিলি দ্বীপের সাংরিলা রিসোর্টে।
বৃহস্পতিবার রাতে আদ্দু সিটির হুলহু মিধুতে নৈশভোজে যোগ দেবেন তারা। শুক্রবার সকালে ভিলা লালুতে বৈঠকের পর বিকেলে আদ্দু ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের এ সম্মেলন।
এদিকে সার্ক শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে উৎসবের সাজে সেজেছে আদ্দু। মূল সড়কগুলো সাজানো হয়েছে আট দেশের পতাকায়। মোড়ে মোড়ে অতিথিদের স্বাগত জানিয়ে ইলেকট্রনিক প্ল্যাকার্ড বসানো হয়েছে। রাতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে ১৯৮৫ সালে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্কের যাত্রা শুরু হয়। পরে এ জোটে যোগ দেয় আফগানিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৭২০ ঘ.
bdnews24