২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে বিরোধে পুলিশ কর্মকর্তা নিহত

জমি নিয়ে বিরোধের জেরে রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

রাজবাড়ী, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের মৃগীর পাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক (৫০) নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। রাজবাড়ীর পুলিশ সুপার রেজাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজ্জাক তার মালিকানাধীন জমিতে অবৈধভাবে তোলা একটি ঘর দেখতে পান। কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি এ ব্যাপারে প্রতিবেশী হাশেম আলীর সঙ্গে কথা বলতে যান। "আলোচনার এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে তাদের উপর চড়াও হয় হাশেম আলীর লোকজন। গুরুতর অবস্থায় রাজ্জাককে পাংশা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।" ওই ঘটনায় আহত আমজাদ হোসেন, গোলাম নবী ও শহিদুল ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার জানান, রাজ্জাকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে হাসেম আলীর বাড়িতে ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় এলাকাবাসী। পরে পাংশা থেকে ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাজবাড়ী-২ আসনের সাংসদ মো. জিল্লুর হাকিমও খবর পেয়ে ঘটনাস্থলে যান। বিক্ষ্ব্ধু এলাকাবাসী ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানায় তার কাছে। রেজাউল হক জানান, "বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হাশেম আলীসহ অপরাধীরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৪৫০ ঘ.