২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যার দায় থেকে খোকন মুক্ত

নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থেকে বিএনপি নেতা খায়রুল কবির খোকন অব্যাহতি পেয়েছেন। তবে অন্য দুটি মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

নরসিংদী, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থেকে বিএনপি নেতা খায়রুল কবির খোকন অব্যাহতি পেয়েছেন। তবে অন্য দুটি মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত ১ নভেম্বর আওয়ামী লীগ নেতা লোকমান খুন হওয়ার পরপরই ঢাকায় গ্রেপ্তার করা হয় নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকনকে। সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে লোকমান হত্যামামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে পরদিন আদালতে আবেদন করে পুলিশ। বুধবার নরসিংদীর বিচার বিভাগীয় হাকিমের আদালতে ওই আবেদনের শুনানি হয়। জনাকীর্ণ আদালতে দীর্ঘ শুনানির পর হাকিম নিতাই চন্দ্র সাহা বিএনপি নেতাকে অব্যাহতির আদেশ দেন। খোকনের আইনজীবী আব্দুল কাদের টিটো সাংবাদিকদের বলেন, "এজাহারে নাম না থাকায় ৫৪ ধারার মামলা থেকে খোকনকে অব্যাহতি দেওয়া হয়েছে।" খোকনের পক্ষে শুনানিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. সানাউল্লাহ, মাসুদ আহমেদ তালুকদার ও খোরশেদ মিয়া। আদালতে ছিলো বিএনপি নেতা-কর্মীদের ভিড়। লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই মো. কামরুজ্জামান যে মামলাটি করেছেন, তাতে আসামির তালিকায় খোকনের নাম নেই। ১৪ আসামির অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী। এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন বাচ্চুও রয়েছেন। বিএনপি দাবি করে আসছে, হয়রানির উদ্দেশ্যে খোকনকে এ মামলায় জড়ানো হয়েছে। তাদের দাবি, আওয়ামী লীগের অন্তর্কোন্দলেই লোকমান নিহত হয়েছেন। এদিকে লোকমান হত্যার প্রতিক্রিয়ায় নরসিংদীতে ব্যাপক ভাংচুর হয়। ঘটনার রাতেই ডাক বাংলোয় ভাংচুর হয়। পরদিন একটি ট্রেনে আগুন দেওয়া হয়। এ দুটি ঘটনায় আলাদা দুটি মামলা হয়। একটি করে রেল বিভাগ, অন্যটি করে জেলা প্রশাসন। বুধবার ওই দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়টি আদালতে জানায় পুলিশ। তখন খোকনের আইনজীবীরা এ দুই মামলায় তাকে জামিন দিতে আবেদন করে। তবে হাকিম নিতাই চন্দ্র সাহা এ দুই মামলায় খোকনের জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে সকালে খোকনের মুক্তির দাবিতে জেলা বিএনপি শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। ডাকসুর সাবেক জিএস খোকনের মুক্তি চেয়ে মঙ্গলবার ঢাকায় মানববন্ধন করে '৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক দল ছাত্রনেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৩৫ ঘ.